গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, কৃষকদের মুখে হাসি দেখতে হলে তাদেরকেও কিছু দিতে হবে। কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও অন্যান্য সহায়তা করতে পারে এই কার্ড।
তিনি বলেন, আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য। আমাদের চাওয়া, এই শিশুরা যাতে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হতে পারে।
সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড তৈরি করতে হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ছলিমাবাদ স্কুল মাঠসহ বিভিন্ন গ্রামের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, সবার জন্য যাতে স্বাস্থ্যের সেবা থাকে, এজন্য আমাদের ‘ইউনিভার্সাল হেলথ সার্ভিস’ বা সর্বজনীন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে হবে। সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড তৈরি করতে হবে, যাতে যে কেউ অসুস্থ হলে তারা চিকিৎসা পাওয়ার ব্যবস্থা রাষ্ট্র করতে পারে।
তার জন্য কিছু নিয়ম-কানুন তৈরি হবে, জনগণের অংশগ্রহণ লাগবে, কিন্তু রাষ্ট্রকে স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে।
এ সময় বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম এ খালেক পিএসসি, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার দবিরউদ্দিন, ব্যারিস্টার নাসের খান অপু, যুক্তরাজ্য মহিলা দলের নেত্রী অঞ্জনা আলম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আ. আজিজ, বিএনপি নেতা এনামুল হক, শিল্পপতি কামরুজ্জামান, ইউপি বিএনপি সভাপতি বিল্লাল হোসেন, জাসাস নেতা আবদুস সালাম প্রমুখ।
কেএন/টিকে