© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী

শেয়ার করুন:
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৪ এএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর জীবনে নেমে এসেছিল এক দীর্ঘ অন্ধকার অধ্যায়। একের পর এক অভিযোগ, তদন্তের ঘেরাটোপ এবং জেলজীবন—সব মিলিয়ে অভিনয় থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তিনি। সেই সময়ের ক্ষত আজও সহজে ভোলার নয়। তবে সব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আবার অভিনয়ের জগতে ফিরছেন রিয়া চক্রবর্তী। দীর্ঘ সাত বছরের বিরতির পর এই প্রত্যাবর্তন ঘিরে আবেগে ভাসছেন অভিনেত্রী নিজেই।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নিজের নতুন কাজের ঘোষণা দেন রিয়া। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চেহরে’ ছবির পর এই প্রথম আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন তিনি। নতুন ছবি ‘ফ্যামিলি বিজনেস’ প্রসঙ্গে রিয়া বলেন, সাত বছর পর আবার সেটে ফেরা তাঁর কাছে স্বপ্নের মতো। কখনও ভাবেননি আবার অভিনয়ে ফিরতে পারবেন।



মাত্র সতেরো বছর বয়সে যে স্বপ্ন নিয়ে অভিনয়জগতে পা রেখেছিলেন, মাঝপথে সেই যাত্রা থমকে গিয়েছিল। দীর্ঘ সময় কাজ না থাকায় মনে হয়েছিল, স্বপ্ন বুঝি শেষ হয়ে গেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গিও বদলেছে। এখন অর্থ নয়, অভিনয়ের আনন্দই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

ভিডিওর ক্যাপশনে রিয়া লেখেন, তাঁর আত্মার এক অংশ এগিয়ে গেলেও আরেক অংশ স্বপ্ন পূরণের অপেক্ষায় থেমে ছিল। সেই লেখার নিচে ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ তাঁকে নিয়ে গর্বের কথা বলেছেন, কেউ আবার লিখেছেন—এটাই তাঁর প্রাপ্য।

ডিজে হিসেবে কর্মজীবন শুরু করা রিয়া চক্রবর্তী তেলুগু ছবি ‘তুনেগা তুনেগা’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘ব্যাংক চোর’, ‘হাফ গার্লফ্রেন্ড’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। আসন্ন ছবি ‘ফ্যামিলি বিজনেস’ পরিচালনা করেছেন নীরেন ভাট, প্রযোজনায় রয়েছেন হনসল মেহতা। বিজয় ভার্মা ও অনিল কাপুরসহ একাধিক তারকার অভিনয়ে ছবিটি চলতি বছরের শেষ দিকে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাত বছরের অপেক্ষার পর এই ছবি দিয়েই নতুন করে নিজের জায়গা ফিরে পেতে চান রিয়া চক্রবর্তী।


ইউটি/টিএ

মন্তব্য করুন