© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি

শেয়ার করুন:
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩১ এএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
হোলিকে ঘিরে বড় পর্দায় যে জমজমাট লড়াইয়ের আভাস মিলছিল, সেখানে হঠাৎই ছন্দপতন। বহু প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি ‘পতি পত্নী ঔর ওহ দো’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না এমন ঘোষণায় চমকে গেছেন দর্শকেরা। আয়ুষ্মান খুরানা, সারা আলি খান, ওয়ামিকা গাব্বি ও রাকুল প্রীত সিং অভিনীত ছবিটি মূলত মার্চের চার তারিখ, হোলির উৎসবকে সামনে রেখে মুক্তির কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নির্মাতারা জানালেন, ছবির পরবর্তী কাজ সম্পূর্ণ না হওয়ায় মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, ছবির সম্পাদনা ও অন্যান্য কারিগরি কাজ এখনো বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের দৃশ্যের শুটিংও সম্পন্ন হয়নি। এই অবস্থায় তাড়াহুড়া করে ছবি মুক্তি না দিয়ে নির্মাতারা বাড়তি সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের মতে, উৎসবের তারিখ যতই আকর্ষণীয় হোক না কেন, অসম্পূর্ণ কাজ নিয়ে দর্শকের সামনে যাওয়া ঠিক হবে না। বরং ছবির মান নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।



এই সিদ্ধান্তের ফলে মার্চ মাসের মুক্তির তালিকায় বেশ ফাঁক তৈরি হয়েছে। কারণ একই সময়ে আরেকটি ছবি ‘গাবরু’ও নিজেদের মুক্তির তারিখ সরিয়ে নিয়েছে। ফলে মাসজুড়ে বড় ছবির ভিড় অনেকটাই কমে গেলেও দুই বহুল আলোচিত ছবি ‘ধুরন্ধর দুই’ ও ‘টক্সিক’কে ঘিরেই এখন বক্স অফিসের মূল উত্তাপ কেন্দ্রীভূত হওয়ার ইঙ্গিত মিলছে।

চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বলছেন, সাম্প্রতিক সময়ে নির্মাতাদের মধ্যে একটি নতুন প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। উৎসবের মোহ বা নির্ধারিত তারিখের চাপের চেয়ে কনটেন্টের প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। প্রয়োজন হলে বড় ছুটির বাজারও হাতছাড়া করতে দ্বিধা করছেন না। ‘পতি পত্নী ঔর ওহ দো’–র মুক্তি পেছানোর সিদ্ধান্ত সেই পরিবর্তিত ভাবনারই আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকল।

এসএস/টিএ

মন্তব্য করুন