বাংলাদেশ টাইমস

একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর?

শেয়ার করুন:
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
টেলিভিশনের পর্দায় একসঙ্গে তিনটি আলাদা গল্প, তিনটি আলাদা মানুষ আর তিনটিতেই এক মুখ। টলিপাড়ায় এই বিরল ঘটনাই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়কে। একই প্রযোজনা সংস্থার অধীনে একসঙ্গে তিনটি ধারাবাহিকে অভিনয়, শুনতে অবাক লাগলেও এ মুহূর্তে এটাই বাস্তব। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘বেশ করেছি প্রেম করেছি’ এবং ‘আরতি অঞ্জলি আওয়াস্থি’ তিনটি ধারাবাহিকেই ভিন্ন ভিন্ন চরিত্রে সমান স্বচ্ছন্দ তিনি।

টিআরপি তালিকায় ধারাবাহিকগুলোর ওঠানামা চলতেই থাকে, কিন্তু ভাস্বর অভিনীত এই তিন গল্পের রেটিংই নজর কাড়ছে নিয়মিত। তবু এটিকে শুধুই সাফল্য বলতে নারাজ অভিনেতা। বরং তাঁর চোখে এটি এক বিরল অভিজ্ঞতা। কর্মজীবনের শুরুর দিকে একসঙ্গে একাধিক ধারাবাহিকে কাজ করার সুযোগ মিললেও এখন সেই চিত্র প্রায় অদৃশ্য। প্রযোজনা সংস্থাগুলোর কড়াকড়িতে এমন সুযোগ সচরাচর মেলে না বলেই মনে করেন তিনি। তাই একই ছাদের তলায় তিনটি চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগকে বিশেষ প্রাপ্তি হিসেবেই দেখছেন ভাস্বর।



তিন ধারাবাহিকে তাঁর চরিত্রও একেবারেই ভিন্ন সুরের। কোথাও তিনি প্রতিবাদী, কোথাও আবেগী, কোথাও আবার পরিবারের একমাত্র ইতিবাচক শক্তি। এক গল্পে প্রেম শেখানো পথপ্রদর্শক, আর এক গল্পে একক সন্তানের বাবা হয়ে দ্বিধাগ্রস্ত প্রেমিক, অন্য গল্পে অন্যায়ের বিরুদ্ধে সরব এক দৃঢ় মানুষ। এই বৈচিত্র্যই যেন তাঁকে নতুন করে আবিষ্কার করার সুযোগ দিচ্ছে প্রতিটি পর্বে।

এই অসম্ভবকে সম্ভব করে তোলার পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীকে। দীর্ঘদিনের সম্পর্ক আর পারস্পরিক বিশ্বাস থেকেই নাকি এই সাহসী সিদ্ধান্ত। ভাস্বরের কথায়, কাজের বাইরে মানুষটি কিছুই বোঝেন না, ভালো অভিনয় দেখলেই দৃশ্যের পর দৃশ্যে ভরিয়ে দেন শিল্পীকে। কৃতজ্ঞতা আর শ্রদ্ধার মিশেলেই তাই তাঁর কণ্ঠে বারবার উঠে আসে প্রযোজকের নাম।

একই সময়ে তিনটি ধারাবাহিকে তিন রূপে ভাস্বর এই দৃশ্য এখন ছোটপর্দার দর্শকদের কাছে এক অভিনব অভিজ্ঞতা হয়ে উঠেছে। চরিত্র বদলালেও উপস্থিতি একই, আর সেই উপস্থিতিই যেন প্রমাণ করে দিচ্ছে অভিনেতার বহুমাত্রিক শক্তি।

পিআর/এসএন

মন্তব্য করুন