গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ভোট দিতে যাবেন হিরো আলম
ছবি: সংগৃহীত
০৬:০২ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ অবস্থায় পালিয়ে বেড়াচ্ছেন এই কনটেন্ট ক্রিয়েটর। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও নিজ এলাকায় ভোট দিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
দেশের একটি গণমাধ্যমকে হিরো আলম জানান, নাগরিক হিসেবে ভোট দেওয়া তার সাংবিধানিক অধিকার। কোনো পরিস্থিতিতেই তিনি ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকবেন না। হোয়াটস অ্যাপে হিরো আলম বলেন, ‘আমি এলাকার দিকে রওনা হয়েছি। রাতের মধ্যে এলাকায় চলে যাবো। মামলা তো ভুয়া। নির্বাচনের পর আমি আদালত যাবো।’
২০২৩ সালে ঢাকা-১৭ উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে।
গতকাল ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই অভিযোগ অস্বীকার করলে ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
এসএন