© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যাচের ১৫ মিনিট আগে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক

শেয়ার করুন:
ম্যাচের ১৫ মিনিট আগে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুতেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক মিচেল মার্শ। তার বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভ স্মিথকে।

অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, অনুশীলনের সময় কুঁচকিতে আঘাত পান মার্শ। পরবর্তী স্ক্যানে তার অণ্ডকোষে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে। ফলে তিনি তীব্র ব্যথা ও অস্বস্তিতে ভুগছেন, যা তার নড়াচড়ায় বাধা সৃষ্টি করছে।
 
বিবৃতিতে বলা হয়, ‘মার্শ চলমান ব্যথা ও অস্বস্তির কারণে স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারছেন না। স্ক্যানে অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিশ্চিত হয়েছে। তাকে নির্দিষ্ট সময় বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে। উপসর্গের উন্নতি ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।’
 

মার্শ নির্ধারিত সময়েই মঙ্গলবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে অংশ নিলেও, কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ১৫ মিনিট আগে তার না খেলার খবর জানা যায়। মার্শের চোটে কভার হিসেবে দলে যুক্ত হয়েছেন স্টিভ স্মিথ। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি স্মিথ। তবে সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স তাকে আবার আলোচনায় এনেছে।
 
ছয় ইনিংসে ৫৯.৮০ গড়ে ২৯৯ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৬৭.৯৭ যা টি-টোয়েন্টি ক্রিকেটে তার আগ্রাসী রূপেরই প্রমাণ। সিএ জানিয়েছে, প্রয়োজনে দলে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্মিথ শ্রীলঙ্কায় ভ্রমণ করবেন।
 
বিশ্বকাপ শুরুর আগেই একাধিক চোটে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। মূল স্কোয়াডে থাকা জশ হ্যাজলউড এখনো সেরে ওঠেননি। প্যাট কামিন্সও প্রাথমিক দল থেকে ছিটকে গেছেন। এ ছাড়া বিবিএলে হ্যামস্ট্রিং চোট পাওয়া টিম ডেভিডকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলানো হচ্ছে না; তাকে জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবারের ম্যাচের জন্য রাখা হয়েছে। শন অ্যাবট দলের সঙ্গে থাকলেও এখনো আনুষ্ঠানিক স্কোয়াডের অংশ নন, ভ্রমণরত রিজার্ভ হিসেবে আছেন।
 
ফলে উদ্বোধনী ম্যাচে কার্যত ১২ জন ক্রিকেটারের মধ্য থেকেই একাদশ গঠন করতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

এসএস/টিএ

মন্তব্য করুন