ভোটের হার জানতে সব আসনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব
ছবি: সংগৃহীত
০৩:৪২ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, তা জানতে সবগুলো আসনের ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার পরে নির্বাচন কমিশন সচিবালয়ে আসনের কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরুর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ফল ঘোষণা চালিয়ে যাওয়ার ২০ মিনিট পরে উপস্থিত সাংবাদিকেরা ভোট পড়ার হার জানতে চান ইসি সচিবের কাছে। জবাবে আখতার আহমেদ বলেন, ‘আপনারা এত অধৈর্য হলে আমি এটা বন্ধ করে দিয়ে ওইটার দিকে যাই।’
পরে তিনি নিজেই জিজ্ঞাসা করেন, ‘আপনারা (সাংবাদিকেরা) কোনটা চাচ্ছেন?’
পরে সাংবাদিকদের একই প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘কত শতাংশ ভোট পাওয়া গেছে, এটা বলা হবে ২৯৯টা আসনের ভোট কাউন্ট করার পরে। কাজেই, ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরে অপেক্ষা করেন অনুগ্রহ করে।’
এরপর তিনি আবারও আসনভিত্তিক ‘আংশিক ফল’ ঘোষণা চালিয়ে যান।
ফলাফল ঘোষণার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, গণভোট ও পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত থাকায় ফলাফল চূড়ান্ত করতে সময় লাগছে। তবে এতে কোনো ‘কারসাজি’ বা ‘অনিয়মের সুযোগ’নেই। তাঁর কাছেও সাংবাদিকেরা ভোটের হার জানতে চাইলে তিনি বলেন- ইসি সচিব বলবেন। এরপর বক্তব্য শেষ করেন সিইসি।
এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ইসির পক্ষ থেকে দুই দফা ভোট পড়ার হার ব্রিফ করেন সচিব আখতার হোসেন। তবে দুবারই সব কেন্দ্রের ভোট পড়ার হার জানাতে পারেননি তাঁরা। বিকেল ৪টার পরে ৩৬ হাজার ৩১ কেন্দ্রের ভোট গ্রহণের হার নিয়ে কথা বলেন ইসি সচিব। তিনি জানান, বেলা ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। এর আগে বেলা ১টার পরে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রের ভোট গ্রহণের হার জানান ইসি সচিব।
এসকে/টিএ