৪ গোল খেয়েও ফাইনালের আশা ছাড়ছেন না বার্সা কোচ হান্সি ফ্লিক
ছবি: সংগৃহীত
০৬:১০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
লড়াইটা দুই লেগের। তবে ফুটবলীয় বাস্তবতা বলছে, প্রথম লেগের প্রথমার্ধেই ফয়সালা একরকম হয়ে গেছে। এক অর্ধেই চার গোল হজম করলে আর বাকি থাকে কী! তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল ঢোকেনি বার্সেলোনার জালে। ম্যাচের পর কোচ হান্সি ফ্লিক বলছেন, দ্বিতীয় লেগে এই ব্যাবধান ঘুচিয়ে দেওয়ার সামর্থ্য তাদের আছে।
কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। ঘরের মাঠে বৃহস্পতিবার প্রথমার্ধেই সবকটি গোল করে আতলেতিকো।

ম্যাচের পর নিজেদের ব্যর্থতা মেনে নিলেন ফ্লিক। এমন পরাজয়েও অবশ্য ইতিবাচকতার রসদ খুঁজে নিচ্ছেন বার্সেলোনা কোচ।
“দেখুন, দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। সেভাবে (দল হিসেবে) খেলতে না পারা মানে ভালো খেলা নয় মোটেও। ফুটবলারদের মধ্যে দূরত্ব ছিল অনেক বেশি। চাপ তৈরি করাতেও ঘাটতি ছিল অনেক।”
“কখনও কখনও এই ধরনের শিক্ষা হওয়াটা ভালো। আজকের ম্যাচটি ছিল জেগে ওঠার ডাক, কঠিন একটি হার। এই শিক্ষা আমাদের গ্রহণ করে নিতে হবে।”
চার গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানার কাজটি কঠিন। তবে পরের ম্যাচটি ঘরের মাঠে। এটি বার্সেলোনার পক্ষে থাকবে। এই ম্যাচের দ্বিতীয়ার্ধের লড়াই থেকে প্রেরণা নিয়ে চার গোলের ব্যবধান দ্বিতীয় লেগে ঘুচিয়ে দিতে চান বার্সেলোনা কোচ।
“আজকে প্রথম মিনিট থেকেই আমরা ভালো খেলিনি। দলটা এখনও অনেক তরুণ। তবে সেটা কোনো অজুহাত নয়। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। এভাবে লড়াই চালিয়ে যাব। ৪৫ মিনিটের দুটি অর্ধ এখনও আমাদের সামনে আছে দুটি করে গোল করার জন্য।”
দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে গুছিয়ে নেওয়ার সময় আছে কিছুটা। ম্যাচটি হবে আগামী ৩ মার্চ।
এমআর/এসএন