হবিগঞ্জের লাখাইয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত
০৪:৪৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
১৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের দুই পাড়ার দুই কিশোরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে ওই বিরোধ ছড়ায় দুই এলাকায়। এর জেরে আজ শনিবার উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হয়।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মোস্তাক মিয়ার ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে ওই সংশ্লিষ্টদের দুই পাড়ায় ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে।
একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস বলেন, ফুটবল খেলা নিয়ে দুই কিশোরের ঝগড়াকে কেন্দ্র দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে মাইকিং করে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমআই/টিএ