ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী সীমান্ত দিয়ে পালানোর সময় আটক
ছবি: সংগৃহীত
০৩:০২ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কোকে সীমান্ত দিয়ে পালানোর সময় আটক করা হয়েছে। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নাবু এক বিবৃতিতে জানায়, ‘মিদাস’ মামলা তদন্তের অংশ হিসেবে সাবেক জ্বালানিমন্ত্রীকে আটক করা হয়েছে। যদিও বিবৃতিতে সরাসরি তার নাম উল্লেখ করা হয়নি।
তবে জ্বালানিমন্ত্রী বলতে গালুশচেঙ্কোই বুঝানো হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ গত নভেম্বর মাসে পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্থাটি জানিয়েছে, আদালতের অনুমোদন অনুযায়ী প্রাথমিক তদন্ত কার্যক্রম চলছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
২০২৫ সালে ইউক্রেনের জ্বালানি খাতে প্রায় ১০০ মিলিয়ন ডলারের একটি অর্থপাচার চক্রের অভিযোগ সামনে আসে। ইউক্রেনের দুর্নীতি দমন প্রসিকিউটর কার্যালয় (সাপো) দাবি করেছে, ব্যবসায়ী তিমুর মিনদিচ এই চক্রের মূল পরিকল্পনাকারী।
তদন্তকারীদের অভিযোগ, গালুশচেঙ্কো মিনদিচকে জ্বালানি খাতে অবৈধ অর্থ প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা করেছিলেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনার্জোঅ্যাটম- এর সঙ্গে কাজ করা ঠিকাদারদের চুক্তি বাতিল বা অর্থ পরিশোধে বিলম্ব এড়াতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করা হতো।
এই কেলেঙ্কারির জেরে ২০২৫ সালে আরও দুজন জ্বালানিমন্ত্রী এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ পদত্যাগ করেন। তবে সংশ্লিষ্ট সবাই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদানের লক্ষ্যে ব্যাপক সংস্কার কর্মসূচি চালাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই সেই প্রক্রিয়ার অন্যতম প্রধান শর্ত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকজন আইনপ্রণেতা, সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো এবং সাবেক প্রেসিডেন্টের এক উপদেষ্টার বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেয়া হয়েছে।
এসকে/টিএ