বিয়েবাড়িতে যাওয়ার জন্য অন্তর্বর্তী জামিন পেলেন রাজপাল যাদব
ছবি: সংগৃহীত
০৫:৪০ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
চেক বাউন্স মামলায় কারাগারে থাকা বলিউড অভিনেতা রাজপাল যাদব অবশেষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন। দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, অভিযোগকারী পক্ষের নামে দেড় কোটি রুপির ডিমান্ড ড্রাফ্ট জমা দেওয়ার শর্তে এই জামিন মঞ্জুর করা হয়েছে।
সোমবার ছিল মামলার শুনানির দিন। আদালত নির্দেশ দেন, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিতে পারলেই সাময়িক মুক্তি মিলবে অভিনেতার। অন্যথায় পরদিন আবার শুনানির মুখোমুখি হতে হতো।
এই জামিনের পেছনে রয়েছে একটি পারিবারিক কারণ। আগামী ১৯ ফেব্রুয়ারি তাঁর ভাইঝির বিয়ের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি চেয়েই আদালতের দ্বারস্থ হন তিনি।

আদালত তাঁর আবেদন বিবেচনা করে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। এরপর মামলার পরবর্তী শুনানি হবে।
এই মামলার সূত্রপাত চেক বাউন্স সংক্রান্ত অভিযোগ থেকে। অভিযোগকারী পক্ষের আইনজীবীর দাবি, রাজপাল যাদব মোট সাতটি চেকে স্বাক্ষর করেছিলেন, যার প্রতিটির অঙ্ক ছিল দেড় কোটি রুপি।
চেকগুলো বাউন্স হওয়ার পর আদালত প্রতিটি ঘটনায় তিন মাস করে কারাদণ্ড এবং ১ কোটি ৩৫ লাখ রুপি করে জরিমানা ধার্য করেন।
তবে অভিযোগ রয়েছে, এখন পর্যন্ত নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করা হয়নি। জানা যায়, ২০২৪ সালে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি এবং বকেয়া অর্থও পরিশোধ করা হয়নি।
সব কিছু মিলিয়ে আইনি জটিলতা এখনো শেষ হয়নি, তবে আপাতত পারিবারিক দায়িত্ব পালনের সুযোগ পেলেন এই অভিনেতা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস
এসএস/টিএ