ভালোবাসা দিবসে ওটিটিতে এলো শাকিব খানের ‘প্রিয়তমা’
ছবি: সংগৃহীত
০৯:৪৭ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ভালোবাসা দিবস ঘিরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তিন বছর আগে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। আইস্ক্রিনে চলছে সিনেমাটি। শুক্রবার থেকে ৪৫ টাকায় সাবস্ক্রাইব করে দেখা যাবে এটি। রোমান্টিক-ড্রামা ঘরানার ‘প্রিয়তমা’ সিনেমার চিত্রনাট্যে প্রেম, বিশ্বাসভঙ্গ ও আত্মত্যাগের গল্প উঠে এসেছে। এক সাধারণ প্রেমের সম্পর্ক কীভাবে ভুল বোঝাবুঝি, সামাজিক বাস্তবতা ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে জটিল হয়ে ওঠে, সেটিই উঠে এসেছে সিনেমায়। আবেগঘন সংলাপ ও নাটকীয় মোড়ের কারণে সিনেমাটি সে সময় দর্শকপ্রিয় হয়ে উঠেছিল। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
‘প্রিয়তমা’র কাহিনি লিখেছিলেন প্রয়াত ফারুক হোসেন। আরশাদ আদনান প্রযোজিত সিনেমায় শাকিব-ইধিকা ছাড়া অভিনয় করেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, শহীদ নবীসহ অনেকে। সম্প্রতি ঘোষণা করা ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সিনেমাটি ৫টি শাখায় জাতীয় পুরস্কার অর্জন করে।
এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত আছেন ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার শুটিং নিয়ে। শ্রীলঙ্কার পর ভারতে চলছে সিনেমাটির শুটিং। আসন্ন ঈদ কেন্দ্র করে এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। ভারতে কাজ শুরু হলেও এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি পরিচালক ও প্রযোজক শিরিন সুলতানা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আপাতত দ্রুত শুটিং শেষ করাই তাদের মূল লক্ষ্য। অপ্রয়োজনীয় বিড়ম্বনা এড়াতে এবং কাজের গতি বজায় রাখতে বিষয়টি নিয়ে তারা গোপনীয়তা বজায় রাখছেন। শুটিংয়ের বড় একটি অংশ শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
ভিসা সমস্যার কারণে শিডিউল পিছিয়ে গেলেও ‘প্রিন্স’ রোজার ঈদেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে শাকিব ভক্তদের জন্য ঈদে এটি হতে পারে বড় পর্দার বিশেষ চমক। এ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক ভয়ংকর গ্যাংস্টারের চরিত্রে, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ একঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী।

প্রথম পরিকল্পনা অনুযায়ী গত বছর ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং শুরুর কথা ছিল। তবে শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে দেরি হওয়ায় শুটিং নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। রোজার ঈদে সিনেমাটি মুক্তির লক্ষ্য থাকায় সময় বাঁচাতে ৬ জানুয়ারি বাংলাদেশেই শুটিং শুরু করেন পরিচালক আবু হায়াত মাহমুদ। এমনকি বিকল্প ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কায় গিয়েও সিনেমার কিছু অংশের দৃশ্যধারণ করা হয়। যদিও গল্পের প্রয়োজনে ভারতের লোকেশন অপরিহার্য হওয়ায় শেষ পর্যন্ত সেখানেই শুটিংয়ের অপেক্ষায় ছিলেন নির্মাতারা।
শাকিব ‘সোলজার’ নামে আরও একটি সিনেমায় কাজ করছেন। বেশ কিছুদিন এর শুটিংয়েও অংশ নিয়েছেন এ অভিনেতা। এটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এতে শাকিবের বিপরীতে রয়েছে তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এরই মধ্যে সিনেমার ৩৪ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারের শুরুতে দেওয়া হয় বাংলাদেশের দুর্নীতি, সিন্ডিকেটের আঁচ।
সঙ্গে ভেসে ওঠে জাতীয় পতাকা। পাশাপাশি বাংলাদেশের পরিচয় বহন করে এমন কিছু স্থাপনা। সেইসঙ্গে দেওয়া হয় প্রতিশোধের আভাস। এতে স্পষ্ট, সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন শাকিব। ‘সোলজার’ সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, এবিএম সুমনসহ অনেকে।
এসএন