ধ্রুবের তেলুগু ভাষায় অভিষেক ঘিরে নতুন গুঞ্জন
ছবি: সংগৃহীত
০৮:১৮ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণের চলচ্চিত্রপাড়ায় নতুন এক জুটিকে ঘিরে জোর গুঞ্জন। ক্রীড়া ঘরানার অ্যাকশন ছবিতে বড় সাফল্যের পর এবার নাকি ভিন্ন স্বাদের প্রেমের গল্পে পা রাখতে যাচ্ছেন তরুণ অভিনেতা ধ্রুব বিক্রম। শোনা যাচ্ছে, তেলুগু ভাষার ছবিতে অভিষেক হতে চলেছে তাঁর, আর সেই ছবিতেই জুটি বাঁধবেন রুক্মিণী বসন্ত ও শ্রীলীলার সঙ্গে।
এর আগে ধ্রুবকে নিয়ে রোম্যান্টিক ধাঁচের এক ছবিতে খ্যাতিমান নির্মাতার সঙ্গে কাজের জল্পনা উঠলেও সাম্প্রতিক খবর বলছে, নতুন এক নির্মাতার হাত ধরেই শুরু হতে পারে এই যাত্রা।
স্বল্পদৈর্ঘ্য ছবি দিয়ে ইতিমধ্যেই প্রশংসা কুড়ানো সেই নির্মাতার নতুন এই পূর্ণদৈর্ঘ্য কাজকে ঘিরে তরুণ দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। প্রেম, হাস্যরস আর সম্পর্কের টানাপোড়েন মিলিয়ে ছবিটি হতে পারে তরুণ প্রজন্মের জন্য ভিন্ন স্বাদের বিনোদন।

চমক এখানেই শেষ নয়। ছবিতে আরেক নায়িকা হিসেবে থাকছেন শ্রীলীলাও-ফলে এটি রূপ নিচ্ছে একাধিক তারকাকে নিয়ে নির্মিত প্রেমের ছবিতে। জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এই প্রকল্পের পেছনে থাকছে বলেও শোনা যাচ্ছে, যা ধ্রুবের তেলুগু ছবির যাত্রাকে আরও জোরালো করে তুলতে পারে। সঙ্গীত পরিচালনার ক্ষেত্রেও আলোচনায় রয়েছেন বর্তমান সময়ের ব্যস্ত এক সুরকার। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে। বড় পর্দায় এই নতুন সমীকরণ কতটা রসায়ন গড়তে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।
আরআই/টিকে