৬৮ লাখ টাকা বকেয়া, অভিনেতা সোহমের বিরুদ্ধে লিখিত অভিযোগ
ছবি: সংগৃহীত
০৭:৪৩ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
পশ্চিমবঙ্গের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন জমা দিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া শাহিদ ইমাম।
অভিযোগে বলা হয়েছে, একটি সিনেমার প্রযোজনায় বিনিয়োগের জন্য দেওয়া অর্থের বড় একটি অংশ এখনো ফেরত পাননি তিনি। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও বিনোদন জগতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অভিযোগকারী শাহিদ ইমামের দাবি, ‘পাকা দেখা’ নামের একটি ছবির প্রযোজনার কাজে বিনিয়োগের উদ্দেশ্যে তিনি সোহম চক্রবর্তী ও অর্ঘ্য চট্টোপাধ্যায়–এর হাতে অর্থ তুলে দেন।
পরবর্তীতে এসএসসি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি হন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর একাধিকবার বকেয়া অর্থ ফেরতের অনুরোধ জানালেও প্রায় ৬৮ লাখ টাকা এখনো বাকি রয়েছে বলে তার অভিযোগ। সুদসহ অর্থ ফেরত চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

শাহিদ ইমাম আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাওয়ার পর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি সোহম চক্রবর্তীর এক সহকারীর বিরুদ্ধেও হুমকির অভিযোগ তোলেন তিনি। প্রথমদিকে থানায় অভিযোগ জানাতে গেলে বিষয়টি গুরুত্ব পায়নি বলেও দাবি করেছেন অভিযোগকারী। পরে আদালতে আবেদন করার পর সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় এখনো সোহম চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগকারী জানিয়েছেন, বিষয়টি দ্রুত আইনি প্রক্রিয়ায় এগিয়ে নিতে চান তিনি এবং তার আইনজীবী শিগগিরই আদালতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ৬৮ লাখ টাকা বকেয়া থাকার এই অভিযোগ সামনে আসায় নির্বাচনের প্রাক্কালে নতুন বিতর্কে জড়ালেন এই বিধায়ক-অভিনেতা।
এমকে/টিএ