চুক্তি না সত্যিকারের প্রেম? তৃণার চোখে সবই স্পেশাল
ছবি: সংগৃহীত
০৯:২৭ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ার একসময়ের ‘পাওয়ার কাপল’ বললেই যে দু’টি নাম প্রথমে মনে আসে, তারা হলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ভক্তরা ভালোবেসে তাঁদের নাম দিয়েছিলেন ‘তৃনীল’। তবে গত কিছুদিন ধরে এই জুটির সম্পর্ক নিয়েই তৈরি হয়েছে নানা বিতর্ক। কেউ বলছেন ‘চুক্তির বিয়ে’, কেউ আবার ইঙ্গিত করছেন তৃতীয় ব্যক্তির আগমনের দিকে। যদিও এই সমস্ত গুঞ্জন দুজনেই উড়িয়ে দিয়েছেন। মাঝেমধ্যে একসঙ্গে দেখা না গেলেও, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পাবলিক অ্যাপিয়ারেন্সে আবারও একসঙ্গে ধরা দিচ্ছেন তাঁরা।
এরই মাঝে ভাইরাল হয়েছে একটি সাক্ষাৎকার। সেখানে তৃণাকে প্রশ্ন করা হয়, প্রথম প্রেম না শেষ প্রেম, কোনটা বেশি স্পেশাল? প্রথমে হেসে ফেললেও পরে ভেবেচিন্তে তৃণা বলেন, প্রেম মানেই স্পেশাল। প্রথম প্রেমের আলাদা মাধুর্য থাকে ঠিকই, কিন্তু যার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সম্পর্কও ভীষণ বিশেষ। আর সেখানেই তাঁর মন্তব্য— “শেষ প্রেম বলে কিছু হয় না, তবে যাকে শেষ ভেবে পথ চলা, সেটাও স্পেশাল।”

সাক্ষাৎকারে উঠে আসে নীলের প্রসঙ্গও। চা না কফি, কোনটা পছন্দ, জানতে চাইলে তৃণা জানান, নীল নাকি চা-কফি কিছুই খান না। খেলেও লেবু বা আদা চা-ই মুখে তোলেন। তাই তাঁর পছন্দ মাটির ভাঁড়ের চা।
২০০৯ সালে এমবিএ ক্লাসে প্রথম আলাপ তাঁদের। তখন শুধুই বন্ধুত্ব। ২০১১ সালে ফ্রেন্ডশিপ ডে-তে প্রথম ডেট, আর ২০১৬ নাগাদ বুঝতে পারেন একে অপরের প্রতি টান। শোনা যায়, নীলের জন্মদিনেই তৃণাই প্রথম প্রেম প্রস্তাব দেন। দীর্ঘ প্রেমের পর ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন এই জুটি। বিতর্ক যাই থাক, তাঁদের প্রেমকাহিনি আজও টলিপাড়ায় চর্চিত।
আইকে/টিএ