ভিনিসিয়ুসকে ৫ বার ‘বানর’ ডেকেছেন আর্জেন্টাইন খেলোয়াড়!
ছবি: সংগৃহীত
১১:৪২ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বেনফিকার মাঠে প্রথমার্ধে কঠিন সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের নকআউটের প্রথম লেগে শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেছে। কিন্তু তাদের এই সাফল্য ম্লান হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনায়। ভিনিসিয়ুস জুনিয়র প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ তোলেন। প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ম্যাচ। কেন এমন অপ্রীতিকর ঘটনা ঘটল, নেপথ্যে কী মন্তব্য ছিল তা জানালেন কিলিয়ান এমবাপে।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড যা দেখেছেন-শুনেছেন, তাতে আর্জেন্টাইন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে সম্ভাব্য কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এমবাপে ম্যাচ শেষে বলেন, প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে পাঁচবার ভিনিসিয়ুসকে ‘বানর’ ডেকেছেন।
এস্তাদিও দা লুজের মিক্সড জোনে এমবাপে বলেন, ‘আমি পরিষ্কার দেখতে পেয়েছি, ২৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় ভিনিকে পাঁচবার বলেছে- তুমি বানর। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারা চমৎকার, কিন্তু এই ধরনের দৃশ্য বিশ্ব ফুটবলের জন্য ভয়ঙ্কর।’

২০১৮ সালের বিশ্বকাপ জয়ী সাবেক পিএসজি ফরোয়ার্ড আরও যোগ করেছেন, ‘আমি তাকে বর্ণবাদ বলেছি কারণ আমার মতে সে সেটাই। সে তার জার্সির মধ্যে লুকাতে চেষ্টা করেছিল, কিন্তু তার চেহারা মিথ্যা বলে না। এই ধরনের ব্যক্তি পেশাদার ফুটবলার হতে পারে না। ফুটবল মাঠে এই ধরনের কথা বলার স্বাধীনতা নেই একজন তরুণ খেলোয়াড়ের। এটা বড় সমস্যা, দেখা যাক কী হয়।’
সবশেষ বর্ণাবাদী মন্তব্যের শিকার হয়ে বিচলিত ছিলেন ভিনিসিয়ুস। এর কয়েক মিনিট আগে চোখ ধাঁধানো এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার প্রশংসা করে এমবাপে বলেন, ‘সে চমৎকার একটি গোল করল, যেটা রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছে।’
প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে উয়েফাকে কঠোর শাস্তি নেওয়ার দাবি জানালেন এমবাপে। ভক্তদের উদ্দেশ্যেও তিনি বললেন, ‘আমাদের যে বাচ্চারা দেখে, তাদের সবার জন্য একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে। এই ধরনের আচরণ অসহনীয়। বেনফিকা কিংবা তাদের কোচের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু এই ধরনের একজন খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগে আবার খেলার কোনো অধিকার নেই। আমরা আশা করব উয়েফা ব্যবস্থা নেবে এবং এমন কিছু যেন পুনরায় না ঘটে সেটা নিশ্চিত করবে। এটা গুরুতর ব্যাপার।’
এমআই/এসএন