© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনুষার জন্মদিনে নিজেদের বন্ধুত্বের কাহিনি শোনালেন সৌম্য

শেয়ার করুন:
অনুষার জন্মদিনে নিজেদের বন্ধুত্বের কাহিনি শোনালেন সৌম্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৩ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ এগারো বছরের বন্ধুত্ব, অসংখ্য স্মৃতি আর পথচলার ওঠাপড়া এই সবকিছুর ভেতর দিয়েই গড়ে উঠেছে অনুষা বিশ্বনাথন ও সৌম্য মুখোপাধ্যায়ের সম্পর্কের গল্প। অনুষার জন্মদিনে সেই বন্ধুত্বের নানা অজানা মুহূর্ত সামনে আনলেন সৌম্য নিজেই। কথায় কথায় উঠে এলো প্রথম পরিচয়, ছাত্রজীবনের দিনগুলো, আবার একসঙ্গে পথ চলার শক্ত বন্ধনও।

সৌম্যের স্মৃতিতে অনুষা মানে একদম শুরুর দিনগুলো। তখন অনুষা একাদশ শ্রেণির ছাত্রী, থিয়েটারের মঞ্চে নতুন। সময়ের ব্যবধানে দু’জনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, পেশাজীবনের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যান আলাদা পথে। তবু কোথাও বন্ধুত্বের সুতো আলগা হয়নি, বরং দিন যত গড়িয়েছে সম্পর্ক তত গভীর হয়েছে। সৌম্যের কথায়, জীবনের ঝড় দু’জনেই সামনে থেকে দেখেছেন বলেই একে অন্যকে আগলে রাখার দায়বদ্ধতাটা আরও বেশি।

অনুষার ব্যক্তিত্ব নিয়েও কথা বলেন তিনি। এই প্রজন্মের মেয়ে হয়েও জীবনে নেই কোনও আড়ম্বর, নেই জন্মদিন ঘিরে বড় আয়োজনের আগ্রহ। প্রতি বছরই দিনটি নীরবে কাটাতে চান অনুষা, এ বছরও তার ব্যতিক্রম নয়। ব্যস্ততার অজুহাতে কোনও পরিকল্পনাই হয়ে ওঠেনি, এমনকি জন্মদিনের নিমন্ত্রণও পাননি সৌম্য। তাই উদ্‌যাপনের সম্ভাবনাও ক্ষীণ বলেই ইঙ্গিত দেন তিনি।



তবে বন্ধুত্বের আড়ালে খুনসুটির গল্পই যেন সবচেয়ে উজ্জ্বল। সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন হলেও সেগুলোকে বরাবরই মজার ছলে উড়িয়ে দিয়েছেন দু’জন। তাদের কথোপকথনের বড় অংশ জুড়েই থাকে সংগীত প্রসঙ্গ, বিশেষ করে টেইলর সুইফট-কে ঘিরে ঠাট্টা। সৌম্যের হাস্যরস মিশ্রিত অভিযোগ, নিজের শহরে অনুষ্ঠান দেখতে না পারলেও অনুষা নাকি বিদেশে গিয়ে প্রিয় শিল্পীর গান শুনে আসেন অনায়াসে। বয়সের পার্থক্য থাকলেও ভাবনার মিলই নাকি তাদের বন্ধুত্বের মূল ভিত্তি।

বন্ধুত্ব মানেই যেমন যত্ন, তেমনি ছোটখাটো অভিযোগও। অনুষার একটি বদঅভ্যাসের কথাও অকপটে স্বীকার করেন সৌম্য সব জায়গায় দেরিতে পৌঁছনো। যদিও নিজেও দেরি করেন, তবু অনুষার সঙ্গে তার তুলনা চলে না বলেই মজা করেন তিনি। তবু সব ভাল-মন্দ মিলিয়েই এই সম্পর্ক, যেখানে জন্মদিন মানে বড় আয়োজন নয়, বরং কাছের মানুষের সঙ্গে খানিক হুল্লোড় আর নির্ভেজাল আনন্দের প্রত্যাশা।

পিআর/এসএন

মন্তব্য করুন