পৃষ্ঠপোষকতার অর্থনীতি নয়, সবার জন্য সমান সুযোগ থাকবে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:৩০ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
দেশে আর পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি চলবে না, অর্থনীতি হবে অংশগ্রহণমূলক, উন্মুক্ত ও সবার জন্য সমান সুযোগভিত্তিক বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এ ঘোষণা দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, কয়েকজনের জন্য বিশেষ সুবিধা দিয়ে অর্থনীতি পরিচালনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এমন একটি কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তা, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী- সবাই সমানভাবে সুযোগ পাবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অলিগার্কিক বা গোষ্ঠীভিত্তিক সুবিধা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা সরে আসব। প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।
তিনি জানান, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে রিঅ্যাকটিভ বা কার্যকর ও গতিশীল করে তোলা হবে, যাতে বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়। ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার নিয়েও শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশের আভাস দেন তিনি।
কেএন/এসএন