© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫

শেয়ার করুন:
নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩০ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালী: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নোয়াখালী জেলা কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম ঠিকানা জানানো হয়নি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় থেকে তাদের আটক করা হয়।

এর আগে, একই দিন ভোরে শহরের টাউন হল এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানো হয়।

স্থানীয়রা জানান, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হয়। পরে কার্যালয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়।

বুধবার সকালে আকস্মিক কয়েকজন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

একপর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙান। এসময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙান।

বিষয়টি আমাদের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে। ঘটনার কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

এমকে/টিএ

মন্তব্য করুন