তাপসের মৃত্যুদিনের কথা স্মরণ করে কী লিখলেন স্ত্রী নন্দিনী?
ছবি: সংগৃহীত
০৬:০০ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বর্ষীয়ান অভিনেতা তাপস পাল এর মৃত্যুর দিনটি এখনও স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় এর জীবনে এক অমোঘ ও কঠিন স্মৃতি হয়ে আছে। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি এই অভিনেতা প্রয়াত হন। সেই দিনটি তার পরিবারের জন্য এক ভয়ঙ্কর ক্ষতি ও মনের গভীর শূন্যতার সময় ছিল।
নন্দিনী তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ইংরেজি ক্যালেন্ডারে দিনটা ১৮ তারিখ হলেও, আমার কাছে ১৭ তারিখ রাত থেকেই সব শুরু হয়ে গিয়েছিল। আমি আজও আমার মতো করে দিন কাটাই, কাজ করি, নিজেকে সামলাই। কিন্তু তুমি সবসময় আমার ভিতরেই রয়েছ। আমার ভাবনা, আমার প্রার্থনা, আমার নিঃশ্বাস, সবকিছুর মধ্যেই তুমি মিশে রয়েছ।” এই লেখা থেকে স্পষ্ট, তাপসের অভাব নন্দিনীর জীবনে আজও শূন্যতা সৃষ্টি করছে।

তিনি আরও জানিয়েছেন, পুনর্জন্মে বিশ্বাস থাকলেও, এই জীবনের শেষ বিদায়টি তাঁর জন্য চিরস্মরণীয়। “একবার তোমাকে ছুঁয়ে দেখার, গলা শুনার, তোমাকে চোখের সামনে দেখার ইচ্ছে হয় সবসময়। কিন্তু জানি ছ’বছর আগে সেই শেষ বিদায়টাই ছিল আমাদের শেষ শারীরিক দেখা। তবু এই জীবনটায়, আমার হৃদয়ের ভিতরে, তুমি আছ, থাকবে, সবসময়।” নন্দিনীর কথায়, এই স্মৃতিগুলো তাঁকে সান্ত্বনা দেয় এবং একই সঙ্গে কষ্টও দেয়।
এই আবেগময় পোস্টে প্রমাণিত, কাছের মানুষ হারানোর যন্ত্রণা সময়ের সঙ্গে ম্লান হয় না, বরং হৃদয়ের গভীরে একটি স্থায়ী স্থান দখল করে রাখে। নন্দিনীর লেখা থেকে বোঝা যায়, তাপসের স্মৃতি তাঁর জীবনের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আজও বেঁধে আছে।
পিআর/এসএন