পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সক্ষম হয়েছে: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত
০৬:৫২ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত চলতি বছরের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আপনারা নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে পুলিশের এই ভাবমূর্তি ধরে রাখার জন্য সবাইকে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার আসন্ন রমজান উপলক্ষে বলেন, রমজানে ইফতারের আগে ট্রাফিকে প্রচণ্ড চাপ বাড়ে।
সে সময়ে যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশ দেন, যাতে জনসাধারণ নির্বিঘ্নে বাসায় গিয়ে ইফতার করতে পারে।
এসময় ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো বড় অনুষ্ঠান রয়েছে। এছাড়া পবিত্র রমজানে বিশেষ করে তারাবির সময়ে চুরি, ছিনতাই যাতে কোনোভাবেই সংঘটিত হতে না পারে- সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মাসিক অপরাধ সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
এমআর/টিএ