এবার বিয়ের খুশিতে দেশ জুড়ে মিষ্টি বিলোবেন বিজয়-রাশমিকা
ছবি: সংগৃহীত
০১:২৭ পিএম | ০১ মার্চ, ২০২৬
উদয়পুরে স্বপ্নের বিয়ে সেরেছেন দক্ষিণী ছবির জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে তাঁদের। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন নবদম্পতি। তবে এখানেই থেমে থাকতে চান না তাঁরা। জীবনের নতুন অধ্যায়ের আনন্দ গোটা দেশের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি।
সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তায় তাঁরা জানিয়েছেন, দীর্ঘ পথচলায় যাঁরা ভালোবাসা আর সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই বিশেষ উদ্যোগ। ১ মার্চ দেশজুড়ে বিভিন্ন মন্দিরে ট্রাকভর্তি মিষ্টি পাঠাবেন তাঁরা। সঙ্গে আয়োজন করা হবে অন্নদান কর্মসূচিরও। শুভ কাজের উদযাপন মিষ্টিমুখ ছাড়া সম্পূর্ণ হয় না এই বিশ্বাস থেকেই এমন আয়োজন বলে জানিয়েছেন রাশমিকা ও বিজয়।
তালিকায় রয়েছে তেলেঙ্গানা, দিল্লি, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, অসম, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও বিহার। দেশের নানা প্রান্তে একযোগে পৌঁছে যাবে তাঁদের বিয়ের আনন্দ।

প্রায় আট বছরের সম্পর্কের পরিণতি পেয়েছে উদয়পুরে। খাঁটি দক্ষিণী রীতিতে, তেলেগু ও কোডাভা নিয়ম মেনে বিয়ে সারেন তাঁরা। বিয়ের সাজপোশাক থেকেও নজর কাড়েন নবদম্পতি। আগামী ৪ মার্চ হায়দরাবাদে বসতে চলেছে তাঁদের জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।
অনুরাগীদের ভালোবাসাকেই সবচেয়ে বড় সম্পদ বলে মনে করেন রাশমিকা ও বিজয়। তাই ব্যক্তিগত আনন্দকে জনউদযাপনে পরিণত করেই যেন নতুন জীবনের সূচনা করলেন তাঁরা।
পিআর/টিকে