এবার বিতর্কে ‘প্রবাসে ঘরকন্যা’ খ্যাত মহুয়া গঙ্গোপাধ্যায়
ছবি: সংগৃহীত
০৪:৫২ পিএম | ০৫ মার্চ, ২০২৬
‘নমস্কার, কেমন আছেন সবাই’-এই সম্ভাষণেই ঘরে ঘরে পরিচিত মুখ মহুয়া গঙ্গোপাধ্যায়। তাঁর ইউটিউব চ্যানেল প্রবাসে ঘরকন্যা দীর্ঘদিন ধরেই প্রবাস জীবনের দিনলিপি তুলে ধরে দর্শকের মন জয় করেছে। মেদিনীপুরের মেয়ে, ভিনদেশে সংসার পেতেছেন স্বামী-সন্তানদের নিয়ে, আর সেখান থেকেই প্রতিদিন পৌঁছে যান অসংখ্য দর্শকের ঘরে। সহজ কথা, স্বাভাবিক উপস্থাপনা আর আন্তরিকতায় গড়ে উঠেছে তাঁর জনপ্রিয়তা।
কিন্তু সেই জনপ্রিয়তার মাঝেই এবার তীব্র বিতর্ক। কয়েক দিন আগে মৃত্যু হয়েছে মহুয়ার শাশুড়ির। পারিবারিক এই কঠিন সময়ে তিনি দেশে ফিরে আসেন। তবে শোকের মুহূর্তেও বন্ধ থাকেনি ক্যামেরা। শাশুড়ির প্রয়াণ থেকে শেষযাত্রা-প্রায় প্রতিটি মুহূর্তই ধরা পড়ে ভিডিওতে। সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনার ঝড়।

অনেকেই প্রশ্ন তুলেছেন, পরিবারের এমন সংবেদনশীল সময়ে ক্যামেরা অন রাখা কি প্রয়োজন ছিল? কেউ কেউ মন্তব্য করেছেন, অর্থ উপার্জনের তাগিদেই নাকি এই সিদ্ধান্ত। মন্তব্যের ঘরে ভেসে এসেছে কটাক্ষ, তির্যক বাক্য, ক্ষোভ। আবার একাংশের দাবি, জীবনের প্রতিটি অধ্যায়ই তো তাঁর ভিডিওর অংশ, তাই এই সময়টুকুও বাদ যায়নি।
দুই দিন আগে প্রকাশিত সেই ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে রীতিমতো আলোচনা-সমালোচনা চলছে। প্রিয় মুখ হয়েও কঠিন প্রশ্নের মুখে পড়েছেন মহুয়া। তাঁর স্বামীর উপস্থিতি, পরিবারের শোক-সবই এখন দর্শকের বিচারে।
ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত আর প্রকাশ্যের সীমারেখা কোথায় টানা উচিত, সেই বিতর্ক নতুন নয়। তবে শোকের মুহূর্তকে কেন্দ্র করে এমন আলোড়ন সাম্প্রতিক সময়ে বিশেষ নজর কেড়েছে। জনপ্রিয়তার শিখরে থাকা এক সৃষ্টিকর্তার জীবনে তাই এবার অন্যরকম পরীক্ষা সমর্থন আর সমালোচনার মাঝখানে দাঁড়িয়ে।
পিআর/টিএ