নীলমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন গোবিন্দ!
ছবি: সংগৃহীত
০৯:২৬ পিএম | ০৫ মার্চ, ২০২৬
আশির দশকের শেষভাগে বলিউডে যখন নিজের জায়গা শক্ত করছিলেন গোবিন্দ, তখনই মুক্তি পায় তাঁর প্রথম ছবি লভ ৮৬। ছবির সাফল্যের পরই প্রেমিকা সুনীতাকে বিয়ে করেন তিনি। কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকলেও ব্যক্তিগত জীবনের সমীকরণ ততটা মসৃণ ছিল না। জনপ্রিয়তার তুঙ্গে থাকা সেই সময় একাধিক সম্পর্কের গুঞ্জন ঘিরে ধরেছিল অভিনেতাকে।
সম্প্রতি আবারও স্বামীর পরকীয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুনিতা আহুজা। আর সেই সূত্র ধরেই বহু পুরনো এক অধ্যায় সামনে এল। একসময় অভিনেত্রী নীলম কোঠারী-র সঙ্গে গোবিন্দর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছিল। এত বছর পর সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেতা।
গোবিন্দ জানালেন, প্রথম দিকে খুব সতর্ক থাকলেও ধীরে ধীরে নীলমের কাছে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। দুই পরিবারের বেড়ে ওঠা সম্পূর্ণ আলাদা হলেও বন্ধুত্ব গাঢ় হতে সময় লাগেনি। সেই বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভাল লাগা। অভিনেতার কথায়, তাঁর মতো সাধারণ পরিবারের ছেলেদের কাছে নীলমের মতো মেয়ে খুবই আকর্ষণীয়। তিনি নীলমকে ‘ডল পুতুলের মতো’ বলেও উল্লেখ করেন।

একসময় স্ত্রী সুনীতাকে নীলমের মতো হতে বলেছিলেন বলেও স্বীকার করেন গোবিন্দ। তবে পরে নিজের ভুল বুঝতে পেরে সরে আসেন সেই সম্পর্ক থেকে। সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু। বর্তমানে নীলম নিজের সংসার নিয়ে ব্যস্ত, আর গোবিন্দও পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন বলে দাবি করেন।
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কখনও ফুরোয় না। বহু বছর পর পুরনো সম্পর্কের কথা সামনে আসতেই ফের চর্চায় গোবিন্দ-নীলম অধ্যায়। অতীতের আবেগ, ভুল আর উপলব্ধির গল্পেই যেন নতুন করে আলোচনায় ফিরলেন এক সময়ের জনপ্রিয় এই জুটি।
পিআর/টিএ