‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের ছবিতে সুপারহিরোর চরিত্রে ভাইজান
ছবি: সংগৃহীত
১০:৩৪ পিএম | ০৫ মার্চ, ২০২৬
ক্যারিয়ারের মন্দা কাটিয়ে যেন নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন সালমান খান। ছাব্বিশ সালের শুরুতেই তাঁর ভাগ্যচক্র ঘুরতে চলেছে এমন গুঞ্জনই এখন মুম্বাইয়ের অন্দরমহলে। কারণ, শোনা যাচ্ছে জনপ্রিয় নির্মাতা জুটি রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে’র সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালমান খান ।
বিগত কয়েক বছরে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও নতুন বছরে দেশাত্মবোধক ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ঝলক প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় উঠে আসেন সালমান। সেই আবহেই জানুয়ারির গোড়ায় পরিচালকদ্বয়ের সঙ্গে তাঁর বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। তখন থেকেই শুরু হয় জল্পনা কী চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই নতুন ছবিতে অ্যাকশন অবতারে দেখা যাবে সালমানকে। তবে এটি কেবল আর পাঁচটা অ্যাকশন ছবি নয়। কৌতুকের আবহে নির্মিত হতে চলা এই ছবিতে তাঁকে দেখা যাবে এক ত্রাতা সুপারহিরোর চরিত্রে। গল্পের মোড় এমন, পৃথিবীকে বারবার রক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন সেই নায়ক। অবসর নিতে চান তিনি। কিন্তু পরিস্থিতি তাঁকে শান্তিতে থাকতে দেয় না। বাধ্য হয়েই আবার ঝাঁপিয়ে পড়তে হয় লড়াইয়ে।
দু’পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে বলে জানা গেছে। চিত্রনাট্যও নাকি বেশ পছন্দ হয়েছে সালমানের। যদিও চূড়ান্ত সম্মতি এখনো মেলেনি। শোনা যাচ্ছে, নিজের মতো করে কিছু পরিবর্তন ও নাটকীয়তা যোগ করতে চান তিনি। অন্যদিকে পরিচালক জুটিও ছবিটিকে বড় পরিসরে আনার পরিকল্পনা করছেন।
সব ঠিক থাকলে এপ্রিল মাসে চুক্তিপত্রে সই হতে পারে। আর নভেম্বর নাগাদ শুরু হতে পারে শুটিং। বর্তমানে চিত্রনাট্যে শেষ মুহূর্তের শান দেওয়ার কাজ চলছে।
উল্লেখ্য, এই নির্মাতা জুটি ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন বহুল আলোচিত ধারাবাহিক ‘দ্য ফ্যামিলি ম্যান’, পাশাপাশি ‘ফরজি’ ও ‘সিটাডেল: হানি বানি’র মতো সফল প্রযোজনা। এবার তাঁদের ফ্রেমে সালমানের সুপারহিরো অবতার কতটা ঝড় তোলে, সেটাই দেখার।
পিআর/টিকে