ওয়াংখেড়ে তারকাখচিত সন্ধ্যা!
ছবি: সংগৃহীত
১০:৪২ পিএম | ০৫ মার্চ, ২০২৬
মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে যেন এক সন্ধ্যায় পরিণত হয়েছিল রুপালি পর্দার তারকাখচিত অঙ্গনে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ ঘিরে গ্যালারিতে ছিল তারকাদের ভিড়, আর সেই ভিড়ের কেন্দ্রবিন্দুতে ছিল ছোট্ট রাহা।
নীল জার্সি গায়ে বাবা রণবীর কাপুর-এর কোলে বসে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাতে দেখা গেল একরত্তিকে। পাশে মা আলিয়া ভাট। জায়েন্ট পর্দায় সেই মুহূর্ত ভেসে উঠতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আদুরে রাহার ছবি ও ভিডিও। ক্রীড়াপ্রেমী রণবীরের জন্য মাঠে উপস্থিত থাকা নতুন কিছু নয়, তবে মেয়েকে নিয়ে এভাবে আন্তর্জাতিক ম্যাচ দেখতে আসা ছিল বিশেষ মুহূর্ত। ছোটবেলা থেকেই খেলাধুলোর পরিবেশে বড় করে তুলছেন রাহাকে এদিন তারই এক ঝলক মিলল ওয়াংখেড়ের গ্যালারিতে।
শুধু কাপুর পরিবারই নয়, এদিন স্টেডিয়ামের দর্শকাসন যেন মায়ানগরীর এক টুকরো সেলেবপাড়া। উপস্থিত ছিলেন অনিল কাপুল, রজিত কাপুর-সহ একাধিক তারকা। অন্যদিকে শচীনপুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়ের অনুষ্ঠান সেরে সোজা ম্যাচ দেখতে হাজির হন এমএস ধনী । গ্যালারিতে মাহির সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যায় রজিত কাপুরকে। বিয়ের আসর থেকে সরাসরি স্টেডিয়ামে এসে ম্যাচ উপভোগ করেন আরও কয়েকজন বিশিষ্ট অতিথিও।

এর আগে ছবির প্রচারে মাঠে দেখা গেলেও পরিবারকে সঙ্গে নিয়ে এমন আবেগঘন উপস্থিতি রণবীরের ক্ষেত্রে বিরল। খুব শিগগিরই তাঁর বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর ঝলক প্রকাশ্যে আসতে চলেছে। সেই প্রেক্ষাপটে পরিবারসহ মাঠে তাঁর উপস্থিতি অনুরাগীদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
ক্রিকেট আর বলিউড দুটি আবেগ যেন একসূত্রে বাঁধা পড়ল এদিন। মাঠের লড়াই যেমন উত্তেজনায় ভরপুর, তেমনই গ্যালারির তারকাখচিত উপস্থিতি যোগ করল আলাদা মাত্রা। আর সবকিছুর মাঝখানে ছোট্ট রাহার নিষ্পাপ উচ্ছ্বাস যেন সন্ধ্যার সেরা দৃশ্য হয়ে রইল।
পিআর/টিকে