স্ত্রীর বিচ্ছেদের আবেদনের মাঝেই তৃষার সঙ্গে বিজয়
ছবি: সংগৃহীত
১০:১৭ এএম | ০৬ মার্চ, ২০২৬
তামিল সিনেমার সুপারস্টার বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের দীর্ঘ ২৬ বছরের সংসারে বিচ্ছেদের সুর বেজে উঠেছে। আর এই আলোচনার মাঝেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের একসাথে পথচলা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি চেন্নাইতে এক প্রযোজকের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই গাড়িতে এবং একসাথে উপস্থিত হতে দেখা যায়। গত ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সঙ্গীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর, এই প্রথম বিজয় ও তৃষাকে এভাবে জনসমক্ষে দেখা গেল।
বিজয়ের স্ত্রী সঙ্গীতা তামিলনাড়ুর একটি পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন করেছেন, যার শুনানি আগামী ২০ এপ্রিল। সঙ্গীতা তার আবেদনে বিজয়ের বিরুদ্ধে মানসিক নিষ্ঠুরতা, অবহেলা ও অন্য এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলেছেন।

বিজয় ও তৃষা তামিল সিনেমার অন্যতম সফল জুটি। দীর্ঘ ১৫ বছর পর ‘লিও’ সিনেমায় তাদের ফেরার পর থেকেই পর্দার বাইরের রসায়ন নিয়ে গুঞ্জন শুরু হয়।
১৯৯৯ সালে বিজয়ের এক ভক্ত সঙ্গীতার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। গত দুই বছর ধরে বিজয়ের কোনো সিনেমা বা রাজনৈতিক অনুষ্ঠানে সঙ্গীতাকে না দেখায় বিচ্ছেদের গুঞ্জন আরো জোরালো হয়েছিল।
সূত্র : এনডিটিভি
কেএন/এসএন