আজ বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের জন্মদিন
ছবি: সংগৃহীত
১১:৩৪ এএম | ০৬ মার্চ, ২০২৬
বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুরের জন্মদিন আজ। ১৯৯৭ সালের এই দিনে ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন তিনি। চলচ্চিত্র পরিবারে জন্ম নেওয়া জাহ্নবী ছোটবেলা থেকেই আলোচনায় ছিলেন। তাঁর বাবা ভারতের খ্যাতনামা প্রযোজক বনি কাপুর এবং মা ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী।
শিল্পী পরিবারে বড় হওয়ায় ছোট থেকেই অভিনয়ের জগতের সঙ্গে পরিচিতি তৈরি হয় জাহ্নবীর। মায়ের অভিনয় জীবন ও সাফল্য তাকে অনুপ্রাণিত করেছে চলচ্চিত্রে কাজ করার জন্য। সেই পথ ধরেই ২০১৮ সালে ‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। ছবিটি মুক্তির পরই নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে দর্শকদের নজর কাড়েন তিনি।

অভিষেকের পর একে একে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন জাহ্নবী। ‘গোস্ট স্টোরিজ’ ও ‘গুঞ্জন সাক্সেনা’ সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে তাকে। পরে ‘রুহি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’ ছবিতেও অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের পরিচিতি গড়ে তুলেছেন জাহ্নবী কাপুর। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়। জন্মদিন উপলক্ষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাচ্ছেন অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা।
এমকে/এসএন