স্ত্রী সুনীতার অভিযোগে এবার মুখ খুললেন গোবিন্দ
ছবি: সংগৃহীত
১২:১৩ পিএম | ০৭ মার্চ, ২০২৬
দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। বিশেষ করে তার দাম্পত্য জীবন ঘিরে নানা সময়েই শোনা গেছে নানা মন্তব্য ও গুঞ্জন।
গত দেড় বছরে একাধিকবার প্রকাশ্যে স্বামীকে নিয়ে অভিযোগ তুলেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। এতদিন সেই সব মন্তব্যে নীরব থাকলেও এবার পাল্টা প্রতিক্রিয়া জানালেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা দাবি করেছিলেন, গোবিন্দ নাকি নিজের জীবনের সত্যি কথা প্রকাশ্যে বলতে সাহস পান না। পাশাপাশি তিনি ইঙ্গিতপূর্ণভাবে অভিনেতার প্রেমজীবন নিয়েও মন্তব্য করেন। সুনীতার কথায়, দীর্ঘ নায়কজীবনে একাধিক নায়িকার সঙ্গে গোবিন্দের নাম জড়িয়েছে। যদিও তিনি কখনও এসব গুঞ্জনকে ভয় পাননি বলে দাবি করেন।

তবে সুনীতা আরও জানান, শাশুড়ির মৃত্যুর পর থেকেই তিনি কিছুটা অস্বস্তিতে থাকেন। তার মতে, আগে গোবিন্দের জীবনে পরিবারের কিছু বাঁধন ছিল, কিন্তু এখন আর তেমন কোনো পিছুটান নেই। এমনকি তিনি অভিযোগ করেন, অনেক নারী নাকি ভালোবাসার কারণে নয়, বরং অর্থের লোভেই গোবিন্দের কাছাকাছি আসেন। একই সঙ্গে তিনি এটাও বলেন, যদি অভিনেতা নিজেকে বদলে নিতে পারেন, তাহলে অতীতের অনেক কিছুই ভুলে যেতে প্রস্তুত তিনি।
স্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে সংযতভাবেই প্রতিক্রিয়া জানান গোবিন্দ। তিনি বলেন, সুনীতার মন খুব সরল, তাই অনেক সময় না ভেবেই নানা কথা বলে ফেলেন, যার ফলে অযথা বিতর্ক তৈরি হয়।
তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গোবিন্দের বক্তব্যে কিছুটা কড়া সুরও শোনা গেছে। অভিনেতা বলেন, কেউ যদি নিজের কষ্টের কথা প্রকাশ্যে বলেন, অথচ তার মুখে অন্যরকম আলো দেখা যায়, তখন অনেক সময় সন্দেহ জাগে যে তিনি হয়তো সব কথা বলছেন না। তার কথায়, তিনি যদি সত্যিই মুখ খোলেন, তাহলে অনেকেই বিব্রত হতে পারেন। তবে তিনি এমন মানুষ নন, যিনি প্রকাশ্যে কারও অস্বস্তির কারণ হতে চান।
দাম্পত্য জীবনের এই টানাপোড়েনের মধ্যেই আবারও আলোচনায় উঠে এলেন গোবিন্দ ও সুনীতা। দীর্ঘদিনের এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনুরাগীদের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছে। যদিও দুজনের ঘনিষ্ঠ সূত্র বলছে, সব বিতর্কের মাঝেও তাঁদের সম্পর্ক এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।
পিআর/টিএ