১১ বছর পর শুটিং ফ্লোরে ‘অ্যাকশন’ বলবেন প্রভাত রায়
ছবি: সংগৃহীত
০২:৪০ পিএম | ০৭ মার্চ, ২০২৬
দীর্ঘ এগারো বছর পর আবার শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। জন্মদিনের দিনেই দর্শকদের জন্য যেন এক বিশেষ ‘রিটার্ন গিফট’ ঘোষণা করলেন তিনি। নতুন এই ছবিটি তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর-এর ছোটগল্প ‘বলাই’ অবলম্বনে। বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে এবং শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা।
ছবির কাস্টিংয়েও রয়েছে চমক। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কৌশিক সেন, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী চট্টোপাধ্যায়। ছবিটির প্রযোজনায় রয়েছে এমআরজে ফিল্মস এবং প্রযোজক ডক্টর মনোরঞ্জন জেনা। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর সুমন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন একতা ভট্টাচার্য, যিনি অভিনেতা নির্বাচনের কাজও দেখেছেন।

প্রভাত রায়ের কথায়, জীবনের এই পর্যায়ে এসে তিনি এমন একটি গল্প নিয়ে কাজ করতে চেয়েছিলেন, যার সঙ্গে সাধারণ মানুষ সহজেই নিজেদের খুঁজে পাবেন। তাঁর মতে, ‘বলাই’ এমন একটি গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির হৃদয়ে জায়গা করে আছে। তিন বছর আগে শারীরিক অসুস্থতার পর তিনি ভেবেছিলেন হয়তো আর চলচ্চিত্র নির্মাণ করা হবে না। কিন্তু সেই কঠিন সময়ের পর আবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে ফিরছেন তিনি।
পরিচালকের মতে, এই ছবিটি তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। অনেক দিন পর আবার সেটে ফেরার সুযোগ এবং নতুন প্রজন্মের অভিনেতা ও প্রযুক্তিবিদদের সঙ্গে কাজ করার সম্ভাবনা তাঁকে নতুন করে অনুপ্রাণিত করছে। এমনও ইঙ্গিত দিয়েছেন তিনি যে এটি হয়তো তাঁর শেষ চলচ্চিত্র হতে পারে, তাই ছবিটিকে তিনি সর্বোচ্চ যত্ন নিয়ে তৈরি করতে চান।
পিআর/টিএ