© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরুষের সাফল্যে নারীর নিঃশব্দ অবদান: রুক্মিণী মৈত্র

শেয়ার করুন:
পুরুষের সাফল্যে নারীর নিঃশব্দ অবদান: রুক্মিণী মৈত্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৮ পিএম | ০৮ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসের সকালে প্রকাশ্যে এল নতুন ছবিতে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের প্রথম ঝলক। ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিতে তিনি অভিনয় করছেন সমাজসেবী করিমুল হকের স্ত্রীর চরিত্রে। ছবিতে তাঁর চরিত্রের নাম অঞ্জু। নির্মাতাদের মতে, করিমুল হকের সমাজসেবার পথচলায় তাঁর স্ত্রীর নিঃশব্দ সমর্থন ও অবদানই ছিল বড় শক্তি। সেই গল্পই এবার উঠে আসবে পর্দায়।

নারী দিবস উপলক্ষে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয় রুক্মিণীর এই প্রথম লুক। সেখানে অঞ্জু চরিত্রকে তুলে ধরা হয়েছে এক নিবেদিত প্রাণ সঙ্গী হিসেবে, যিনি করিমুল হকের মতো একজন মানুষকে সমাজের দরবারে পরিচিত করে তুলতে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।



উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজাডাঙার ধলাবাড়ি গ্রামের বাসিন্দা করিমুল হক দীর্ঘদিন ধরে নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহার করে দূরবর্তী এলাকার অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেন। এই মানবিক উদ্যোগের জন্য তিনি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামেই পরিচিতি পেয়েছেন। তাঁর এই অসামান্য সমাজসেবার স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে তিনি পদ্মশ্রী সম্মান লাভ করেন।

এই অনুপ্রেরণামূলক জীবনকাহিনিই এবার বড় পর্দায় তুলে ধরা হচ্ছে। ছবিতে করিমুল হকের ভূমিকায় অভিনয় করছেন দেব। জানা গেছে, দেবের অভিনয়জীবনের পঞ্চাশতম ছবিও এটি। গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় ছবির মহরতের পর উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শুটিং শুরু হয় এবং সম্প্রতি তার কাজ শেষ হয়েছে। চলতি বছরের আগস্টে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

পিআর/টিকে

মন্তব্য করুন