দুবাই ফেরার বিমানে বিবেকের ঠিক কী অভিজ্ঞতা হয়েছিল?
ছবি: সংগৃহীত
০২:০৮ পিএম | ০৮ মার্চ, ২০২৬
পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার আবহে দুবাই ফেরার বিমানে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। মাঝ আকাশের সেই উদ্বেগ আর পরিবারের সঙ্গে পুনর্মিলনের আবেগঘন মুহূর্ত সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন তিনি।
কয়েক দিন ধরেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছিল। বিশেষ করে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-এর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা অনেকের মনেই আতঙ্ক তৈরি করেছিল। সেই আবহেই মুম্বই থেকে উড়ে দুবাই ফেরেন বিবেক। তাঁর কথায়, বিমানে ওঠার পর থেকেই যাত্রীদের চোখেমুখে স্পষ্ট আতঙ্ক ধরা পড়ছিল।

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে অভিনেতা বলেন, যাত্রাপথে বিমানের ভেতরে থাকা প্রায় প্রত্যেক যাত্রীর চোখে উদ্বেগ দেখেছেন তিনি। অনিশ্চয়তার সেই মুহূর্তে বিমানের কর্মীরা যেভাবে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে যাত্রীদের দেখভাল করেছেন, তা তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে। শেষ পর্যন্ত বিমান যখন নিরাপদে দুবাইয়ের মাটিতে নামে, তখন যেন এক মুহূর্তেই সেই উদ্বেগ স্বস্তিতে বদলে যায়।
বর্তমানে দুবাইয়ের মিডোস এলাকায় বসবাস করেন বিবেক। বিমানবন্দরের টার্মিনালে পৌঁছে পরিবারের সঙ্গে মানুষের পুনর্মিলনের দৃশ্য দেখে তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। ছোট ছোট সন্তানদের বাবার কোলে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য তাঁর চোখে জল এনে দেয় বলেও জানান অভিনেতা। যাত্রাপথ জুড়েই তাঁর চিন্তা ছিল স্ত্রী প্রিয়াঙ্কা এবং দুই সন্তান বিহান ও আমেয়াকে নিয়ে।
দুবাই পৌঁছানোর পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি কৃতজ্ঞতা জানান সংযুক্ত আরব আমিরাত প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিশ্বজুড়ে অনিশ্চয়তার এই সময়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁদের ভূমিকার প্রশংসাও করেন তিনি।
তবে এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন অভিনেতা। তাঁর অনুরোধ, এমন সংকটের সময় কেউ যেন অযথা আতঙ্ক বা গুজব না ছড়ান। যাচাই করা তথ্যের উপরেই ভরসা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল আচরণই এই ধরনের সময়ে সবচেয়ে জরুরি।
পিআর/টিকে