© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভয়াবহ দুর্ঘটনায় আহত ইউটিউবার অনুরাগ দোভাল

শেয়ার করুন:
ভয়াবহ দুর্ঘটনায় আহত ইউটিউবার অনুরাগ দোভাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১১ পিএম | ০৮ মার্চ, ২০২৬
দ্রুতগতিতে ছুটে চলা গাড়ি, সামনে চলছিল সরাসরি সম্প্রচার। দর্শকেরা দেখছিলেন রাস্তায় দৌড়ে চলা সেই মুহূর্ত। কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারল ডিভাইডারে। কয়েক সেকেন্ডের সেই ভয়াবহ দৃশ্য ধরা পড়ে সরাসরি সম্প্রচারে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় ইউটিউবার অনুরাগ দোভাল।

দেরাদূনের বাসিন্দা অনুরাগ, যিনি অনলাইনে ‘ইউকে০৭ রাইডার’ নামে পরিচিত, দেশের অন্যতম জনপ্রিয় মোটোভ্লগার হিসেবে পরিচিতি পেয়েছেন। দুর্ঘটনার সময় তিনি সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাটি ঘটে দিল্লি–মীরাট এক্সপ্রেসওয়ে-তে গাড়ি চালানোর সময়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটির গতি ছিল ঘণ্টায় প্রায় দেড়শ কিলোমিটার। সেই অবস্থাতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

দুর্ঘটনার ঠিক আগে সরাসরি সম্প্রচারের সময় অনুরাগ এমন ইঙ্গিত দিয়েছিলেন যে সেটি হয়তো তাঁর শেষ ভিডিও হতে পারে। এই মন্তব্য ঘিরেই নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি পারিবারিক কিছু সমস্যার কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। আন্তঃজাত বিয়েকে ঘিরে পরিবারের কয়েকজন সদস্যের কাছ থেকে মানসিক চাপ ও হয়রানির অভিযোগও করেছিলেন।



দুর্ঘটনার পর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে, যেখানে তাঁর চিকিৎসা চলছে। তবে আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই লাইভ সম্প্রচারের ক্লিপ এবং দুর্ঘটনার দৃশ্য। ফলে তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

ভ্রমণ, মোটরবাইক চালানো এবং গাড়ি সংক্রান্ত নানা ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন অনুরাগ। তাঁর ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ অনুসারী রয়েছে। পরে জনপ্রিয় বাস্তবতা অনুষ্ঠান বিগ বস ১৭-এ অংশ নেওয়ার পর তাঁর পরিচিতি আরও বাড়ে। সেই পরিচিত মুখের এমন দুর্ঘটনার খবরে সামাজিক মাধ্যমে এখন উদ্বেগ আর আলোচনার ঝড়।

পিআর/টিকে

মন্তব্য করুন