© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সুবেদার’ অনিলের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

শেয়ার করুন:
‘সুবেদার’ অনিলের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ পিএম | ০৮ মার্চ, ২০২৬
অভিনয়ের দাপটে দীর্ঘদিন ধরেই দর্শকদের মুগ্ধ করে আসছেন অনিল কাপুর। বয়সের ছাপকে যেন বারবার চ্যালেঞ্জ জানান তিনি। নতুন ছবি সুবেদার-এ তাঁর সংযত অথচ শক্তিশালী উপস্থিতি এবার মুগ্ধ করল বলিউডের বাদশা শাহরুখ খান-কেও। ছবির ঝলক দেখেই সহঅভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হলেন কিং খান।

সামাজিক মাধ্যমে ‘সুবেদার’-এর একটি ঝলক ভাগ করে নিয়ে শাহরুখ লেখেন, অনিল কাপুরকে এই নতুন রূপে দারুণ লাগছে। তাঁর সংযত অথচ মনে দাগ কেটে যাওয়া অভিনয় বরাবরই তাঁকে অনুপ্রাণিত করে। পাশাপাশি ছবির অ্যাকশন দৃশ্যগুলোরও প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে ছবির গোটা দলকে শুভেচ্ছাও জানান অভিনেতা।



শাহরুখের এই মন্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন অনিল কাপুরও। সহঅভিনেতার প্রশংসার জবাবে তিনি লেখেন, এই কথাগুলো তাঁর কাছে বড় অনুপ্রেরণা। দীর্ঘদিনের সহকর্মীর কাছ থেকে এমন প্রশংসা পাওয়াকে বিশেষ সম্মান বলেই মনে করছেন তিনি।

পরিচালক সুরেশ ত্রিবেণী-র এই ছবিতে অনিল কাপুরকে দেখা যাবে এক প্রাক্তন সেনাকর্মীর চরিত্রে। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা পেরিয়ে সাধারণ জীবনে ফিরে আসা এক মানুষের সংগ্রামই ছবির মূল গল্প। অতীতের স্মৃতি, দায়িত্ববোধ এবং পারিবারিক বাস্তবতার মধ্যে তৈরি হওয়া টানাপড়েনকে ঘিরেই এগোয় কাহিনি।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে অনিলের উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। বিশেষ করে তাঁর রুক্ষ এবং কঠিন চরিত্রের অবতার অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা। অনেক দর্শক আবার মজার ছলে তাঁকে ‘ভারতীয় সিনেমার টম ক্রুজ’ বলেও আখ্যা দিতে শুরু করেছেন।

মুক্তির আগেই ছবির ঝলক ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। আর সেই আলোচনার কেন্দ্রে এখন অনিল কাপুরের অভিনয় এবং শাহরুখ খানের প্রশংসা।

পিআর/টিকে


মন্তব্য করুন