© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রুশ তেল কেনার ‘অনুমতি’ প্রসঙ্গে ট্রাম্পকে কটাক্ষ করলেন অভিনেতা কমল হাসান

শেয়ার করুন:
রুশ তেল কেনার ‘অনুমতি’ প্রসঙ্গে ট্রাম্পকে কটাক্ষ করলেন অভিনেতা কমল হাসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৫ পিএম | ০৮ মার্চ, ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে যখন উত্তেজনা বাড়ছে, সেই আবহেই সরব হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক কমল হাসান। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে মন্তব্য করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে সরাসরি কটাক্ষ করলেন তিনি। সামাজিক মাধ্যমে অভিনেতার সেই বার্তা ঘিরেই এখন জোর আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেছিলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কমাতেই ভারতকে সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান কমল হাসান। তাঁর বক্তব্য, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই অন্য দেশের অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই ওঠে না।



সামাজিক মাধ্যমে নিজের বার্তায় অভিনেতা লেখেন, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভারতীয়রা বিদেশি নির্দেশ মানার অভ্যাস থেকে অনেক আগেই বেরিয়ে এসেছে। তাই মার্কিন প্রেসিডেন্টের উচিত নিজের দেশ নিয়েই বেশি মনোযোগ দেওয়া। সেই সঙ্গে তিনি আরও বলেন, সার্বভৌম দেশগুলির মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকলেই দীর্ঘমেয়াদে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব।

রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে টানাপোড়েন চলছে। বিশেষ করে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই ইস্যু আরও আলোচনায় আসে। পশ্চিমি দেশগুলির আপত্তি সত্ত্বেও ভারত তখন স্পষ্ট জানিয়ে দেয়, জাতীয় স্বার্থের প্রশ্নে প্রয়োজন অনুযায়ী তেল আমদানি করবে।

এদিকে বর্তমান পরিস্থিতিতে নতুন করে জটিলতা তৈরি করেছে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা। যুদ্ধের আবহে ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কার্যত বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। ভারতের প্রয়োজনীয় তেলের বড় অংশ এই পথ দিয়েই আসে। এমন পরিস্থিতিতে সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি সামনে আসে।

এই প্রেক্ষাপটেই ট্রাম্পের মন্তব্যকে ঘিরে অভিনেতা কমল হাসানের প্রতিক্রিয়া নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে তাঁর সেই বার্তা প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

পিআর/টিকে


মন্তব্য করুন