লুটপাটকারীদের জবাবদিহিতার আওতায় আনা হবে : পরিবেশমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:০৭ পিএম | ০৮ মার্চ, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে অতীতে যে লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। অনিয়ম ও লুটপাটের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। পরিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা এটি রোধ করা আমাদের সকলের দায়িত্ব।
রবিবার (৮ মার্চ) সকালে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ও সংসদীয় আসনে এটিই তার প্রথম সরকারি সফর।
ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, বর্তমানে ঢাকা শহরের দূষণের মাত্রা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন অপরিহার্য। পেছনের কাউকে দোষ দিয়ে লাভ নেই, দূষণ কমানো এখন আমাদের জাতিগত দায়িত্ব।
ইটভাটার দূষণ প্রসঙ্গে পরিবেশমন্ত্রী জানান, মাটি পোড়ানো ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ইটে রূপান্তর হওয়া এক-দুই বছরে সম্ভব নয়, এটি সময়সাপেক্ষ বিষয়। তবে পরিবেশ রক্ষায় পর্যায়ক্রমে আমাদের ব্লক ইটের দিকে যেতেই হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহ নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমুখ।
এবি/টিএ
এবি/টিএ