বিয়ের পরের জীবন নিয়ে জেফার রহমানের মন্তব্য
ছবি: সংগৃহীত
১১:০৭ পিএম | ০৯ মার্চ, ২০২৬
প্রায় ২ মাস আগে নিজের পছন্দের মানুষ উপস্থাপক রাফসান সাবাবকে বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান। বিয়ের আসরেই তার বন্ধু জনপ্রিয় গায়ক প্রীতম হাসান জেফারের গোমর ফাঁস করেছিলেন।
প্রীতম জানিয়েছিলেন, জেফার বরাবরই ছিলেন খানিক উড়নচণ্ডী স্বভাবের। বিয়ে নিয়ে চিন্তা তো দূরের কথা, বিয়ে নাকি করতেই চাইতেন না তিনি। আজীবন কুমারী থাকতে চাওয়া জেফারের বিয়ের পর সময় কাটছে তা জানার আগ্রহ অনেকের। এবার এই তারকা গণমাধ্যমকে জানিয়েছেন মনের কথা।
জীবনের নতুন অধ্যায় নিয়ে জেফার বলেন, এই অধ্যায়টা তিনি বেশ উপভোগ করছেন। কাজের প্রতি তিনি বরাবরই মনোযোগী। তাই একজন সাপোর্টিভ ও বোঝাপড়াসম্পন্ন সঙ্গী তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যা তিনি রাফসানের মাধ্যমে পেয়েছেন।
এজন্য নিজেকে ভাগ্যবান মনে করেন ‘ঝুমকা’ গায়িকা। বিয়ের আয়োজন নিয়ে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম শুধু কাছের মানুষগুলোদের নিয়ে ছোট করে এই মুহূর্তটা উদযাপন করব এবং সেটাই করেছি। বিয়ের প্রতিটি আয়োজন আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ সত্যিই আমরা প্রতিটি অনুষ্ঠানে দারুণ সময় কাটিয়েছি। আমাদের বন্ধু ও পরিবারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
বিয়ের পর নিজের জীবনের অনেকটাই পরিবর্তন এসেছে বলে জানান জেফার। বিয়ে পর তার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। দুজন দুজনের প্রতি সাপোর্টিভ, একে অপরের পার্থক্যগুলোকে সম্মান করেন। এবং বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে, ভ্রমণ করতে এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে ভালোবাসেন।
কাজের ক্ষেত্রে গত বছর জেফারের জন্য ছিল বেশ সফল একটি বছর। ‘তাণ্ডব’-এ আলোচিত গান ‘লিচুর বাগানে’ গেয়েছেন। এছাড়া ‘দাগী’ ও ‘ইনসাফ’ সিনেমায় তার গাওয়া গান দুটি দর্শক পছন্দ করেছেন। এই গানগুলোর ঈদের সিনেমার হলেও আসছে ঈদের সিনেমায় তার গান নেই বলেও জানিয়েছেন। তবে শিহাব শাহীনের পরিচালনায় একটি ওয়েব ফিল্মে প্রীতম হাসানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। শিগগিরই এটি মুক্তি পাবে।
এসএস/টিএ