মেট্রোতে আতঙ্ক সৃষ্টি করে প্র্যাঙ্ক ভিডিও তৈরি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১১:২৪ পিএম | ০৯ মার্চ, ২০২৬
মেট্রো স্টেশনে খেলনা বন্দুক দিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্র্যাঙ্ক ভিডিও তৈরি করায় এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। গত ৭ মার্চ বেঙ্গালুরুর দ্রুতগতির ট্রানজিট সিস্টেম নাম্মা মেট্রোতে প্র্যাঙ্ক করেছিলেন তিনি।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ৬ মার্চ দীপাঞ্জলি নগর স্টেশন থেকে ট্রেনে উঠেন কনটেন্ট ক্রিয়েটর অর্জুন। তিনি পুদুচেরির বাসিন্দা। গত দুই বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছেন। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে তাকে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মেট্রোতে যাওয়ার সময় সহযাত্রীদের সঙ্গে মজা করার জন্য তার কাছে থাকা বন্দুক তাক করছিলেন। যা ট্রেনে থাকা সহযাত্রীদের মধ্যে তাৎক্ষণিক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করে।
বেঙ্গালুরু পুলিশের একটি ভিডিওতে দেখা গেছে, গ্রেপ্তার অর্জুন ক্ষমা প্রার্থনা করেছেন। একইসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর ঘটাবেন না। তিনি বলেন, আমি পকেটে খেলনা বন্দুক বহন করছিলাম এবং আমার ওপর সাধারণ মানুষ রেগে গিয়েছিল।
প্রসঙ্গত, এবারই প্রথম প্রকাশ্যে প্র্যাঙ্ক ছিল অর্জুনের। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা গেছে, শপিংমল ও অটোরিকশার মতো জনাকীর্ণ জায়গায় কয়েকটি স্টান্ট করেছেন। যেখানে তাকে অপরিচিতজনদের উসকানি দিতে দেখা গেছে।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, খেলনা বন্দুক দিয়ে প্র্যাঙ্ক বা মজা করা কোনো রসিকতা নয়। এটি জনমনে আতঙ্ক তৈরি করতে পারে এবং জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। যা জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের কিছু করার আগে অন্তত ভেবে নেয়া উচিত।
এমআই/টিএ