দীর্ঘ বিরতির পর টেলিভিশনে দেবাদৃতার প্রত্যাবর্তন
ছবি: সংগৃহীত
০৪:৫৪ পিএম | ১০ মার্চ, ২০২৬
টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল Zee Bangla–য় শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক কমলা নিবাস। আর এই ধারাবাহিকের মধ্য দিয়েই বেশ কিছুদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। নতুন এই ধারাবাহিকে ‘পল্লবী’ চরিত্রে দেখা যাবে তাকে।
গল্পে পল্লবী একজন সংবেদনশীল ও নরম মনের মেয়ে। তবে স্বভাবে সে বেশ চাপা। অন্য অনেক মেয়ের মতোই তার স্বপ্ন বিয়ে ও নিজের সংসার। অন্যদিকে তার বাবা-মায়েরও রয়েছে একটি স্বপ্ন—নিজেদের একটি বাড়ি তৈরি করা। এই দুই স্বপ্নের টানাপোড়েনই পল্লবীর জীবনে বড় প্রভাব ফেলবে। গল্প যত এগোবে, ততই চরিত্রটির নানা দিক সামনে আসবে।
এই ধারাবাহিকে পল্লবীর বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিজ্ঞ দুই অভিনেতা দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। তাদের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত দেবাদৃতা। তিনি জানান, আগে থেকেই এই দুই অভিনেতার কাজ অনুসরণ করতেন তিনি। কিন্তু একসঙ্গে কাজ করার সময় তারা কখনও বোঝাতে দেন না যে তারা এত বড় মাপের শিল্পী। বরং সহঅভিনেতাদের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই কাজ করেন, যা পর্দায় সুন্দর রসায়ন তৈরি করতে সাহায্য করে।
ধারাবাহিকটির আরেকটি বড় আকর্ষণ হল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এই মেগায় নায়িকার বিপরীতে দেখা যাবে তাকে। অনেক দিন পর টেলিভিশনের ধারাবাহিকে ফিরছেন এই অভিনেতা। দেবাদৃতার ভাষ্য, পরমব্রত অত্যন্ত প্রতিভাবান এবং সহযোগী একজন শিল্পী। তার সঙ্গে কাজ করতে গিয়ে নতুন কাজের যে দ্বিধা থাকে, তা তিনি একেবারেই অনুভব করেননি।
দেবাদৃতা আরও জানান, ব্যস্ত শুটিংয়ের বাইরে কিছুদিনের বিরতি পেয়ে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছেন। ব্যক্তিগত অনেক কাজও এই সময়ের মধ্যে সেরে ফেলেছেন। ধারাবাহিকের টানা কাজের কারণে সাধারণত এমন সময় পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

তবে নতুন ধারাবাহিক মানেই দর্শকের প্রত্যাশা এবং জনপ্রিয়তার চাপ। এই প্রসঙ্গে দেবাদৃতা মনে করেন, প্রতিযোগিতা থাকাটা বরং ভালো। এতে শিল্পীরা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পান। তার বিশ্বাস, ভালো গল্প ও অভিনয় থাকলে দর্শক অবশ্যই সেই কাজ গ্রহণ করবেন।
এখন দেখার বিষয়, নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ পল্লবী হয়ে দর্শকের মন কতটা জয় করতে পারেন দেবাদৃতা বসু।
এসএন