স্বামীর জন্য উপহার খুঁজছেন ফারিয়া
ছবি: সংগৃহীত
০৮:০৫ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ও তার ব্যক্তিগত জীবন মানেই যেন আলোচনার নতুন রসদ। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, আবার কখনো নতুন করে জীবন সাজানোর গল্পে তিনি বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রে থাকেন। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং স্বামীকে এক বিশেষ 'সারপ্রাইজ' আর ভালোবাসা মাখা উপহার দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন এই সুন্দরী।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে স্বামীকে জন্মদিনে গিফট দেওয়ার বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন এই অভিনেত্রী। প্রকাশিত পোস্টে ফারিয়া লিখেছেন, প্রিয় পুরুষরা, তোমাদের সাহায্য দরকার। দয়া করে তোমাদের টপ তিনটা প্রিয় পারফিউমের নাম বলো,যেগুলো আসলেই বাংলাদেশের আবহাওয়ায় ভালো কাজ করে। আমি সবচেয়ে বেশি পছন্দ হওয়া পারফিউমগুলো থেকে বেছে নিয়ে আমার মানুষটার জন্য কিনবো, তার জন্মদিন সামনে!
তিনি আরও লিখেছেন, ’আর বলো তো, স্নিকার্স আর ঘড়ির বাইরে গিফট বক্সে আর কী কী যোগ করা যায়?তার কাছে ইতিমধ্যে একটা কিন্ডল আছে, তাই সেটা আর লাগবে না। আমাকে সাহায্য করো যেন তার জন্মদিনটা সত্যিই স্পেশাল করে তুলতে পারি।‘
অভিনেত্রীর এমন পোস্টে বেশ সাড়া জাগিয়েছে তার ভক্ত মহলে। ভক্তরা সেই পোস্টের মন্তব্যের ঘরে তাদের পছন্দের ব্রান্ডের পারফিউমের নাম গুলো সাজেস্ট করছেন এবং অনেকেই তার স্বামীকে জন্মদিনে এমন উপহার দেওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, অভিনেত্রী শবনম ফারিয়া ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ । তার বর্তমান স্বামীর নাম তানজিম তৈয়ব, যিনি পেশায় একজন ব্যাঙ্কার এবং একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।
এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারির ১ তারিখে পারিবারিকভাবে সাবেক স্বামী হারুনুর রশীদ এর সঙ্গে প্রথম বিয়ে হয় তার। কিন্তু সেই সংসার বেশিদিন টেকেনি। প্রায় দুই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।
এসএ/টিএ