আমাদের লাশ পড়লেও আপনাদের নিয়ে যাওয়ার সুযোগ নেই: এডিসি জিসানুল হক
ছবি: সংগৃহীত
০৯:৫৫ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যাকে নিয়ে ফেসবুকে ছড়ানো একটি ভুয়া ফটোকার্ড ঘিরে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দু’পক্ষই শাহবাগে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। তবে এ সময় সংঘর্ষের কোনো ঘটনা না ঘটলেও পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে ওই ফটোকার্ড ছাড়নো হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
যদিও সন্ধ্যা নাগাদ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে জানা গেছে, ওই পোস্ট আব্দুল্লাহ আল মাহমুদ করেননি; বরং এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
এ ঘটনার জেরে আব্দুল্লাহ আল মাহমুদ ও তার সহযোগীরা শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে সেখানে ছাত্রদল তাদের ওপর হামলা করে। এ সময় পুলিশ শিবিরের কয়েকজনকে নিরাপত্তার কথা বলে শাহবাগ থেকে ধানমন্ডি থানায় নিয়ে যায়। এরপরই নেতাদের ছাড়িয়ে আনতে ধানমন্ডি থানার সামনে অবস্থান নেন শিবিরের নেতাকর্মীরা।
এ সময় ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক বলেন, আইন-কানুনের ধারাবাহিকতার বাইরে মুক্তি দেওয়ার সুযোগ নেই। আমাদের লাশ পড়লেও আপনাদের তাদের নিয়ে যাওয়ার কোনো সুয়োগ নেই। তারপরেও শিবির নেতারা থানার সামনে অবস্থান করেন। পরে ভোর সাড়ে চারটার দিকে ধানমন্ডি থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।
আরআই/এসএন