ভিন্নমতের রাজনৈতিক বিতর্ককে ইতিবাচকভাবে দেখা প্রয়োজন : ড. মঈন খান
ছবি: সংগৃহীত
০৫:৪৮ পিএম | ০৩ মে, ২০২৬
ভিন্নমতের রাজনৈতিক বিতর্ককে ইতিবাচকভাবে দেখা প্রয়োজন—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, ‘সংসদে আবেগ নয়, যুক্তি ও তর্কের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত স্বাভাবিক এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে সংসদ আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।’
রবিবার (৩ মে) গাজীপুরের টঙ্গীতে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম, ম্যানেজিং ডিরেক্টর ও আইএমসি গভর্নিং বডির চেয়ারম্যান এম এ মুবিন খান এবং মেডিক্যাল কলেজের পরিচালক কর্নেল (অব.) ডা. সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও সাদা অ্যাপ্রন দিয়ে বরণ করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, যার মধ্যে ৫৫ জন বিদেশি শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।
আইকে/টিএ