রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান হয় না: আব্বাস আরাঘচি
ছবি: সংগৃহীত
০২:৫৯ পিএম | ০৫ মে, ২০২৬
হরমুজ উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে দিয়ে ইরান বলেছে, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেছেন, হরমুজ সংঘাত দেখিয়ে দিয়েছে যে সামরিক পদক্ষেপ রাজনৈতিক সংকটের সমাধান করতে পারে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। এছাড়া হরমুজ প্রণালীতে পরিস্থিতি আরও উত্তপ্ত না করার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আরাঘচি বলেন, ‘হরমুজের ঘটনা এটা স্পষ্ট করে দিয়েছে যে, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই।’ তিনি আরও যোগ করেন, পাকিস্তানের সৌজন্যমূলক প্রচেষ্টায় আলোচনা যেহেতু এগোচ্ছে, তাই যুক্তরাষ্ট্রের উচিত অশুভ শক্তির দ্বারা পুনরায় চোরাবালিতে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকা। সংযুক্ত আরব আমিরাতেরও একই সতর্ক থাকা উচিত।
আরাঘচি প্রণালী থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে বের করে দেয়ার জন্য ওয়াশিংটনের ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিকল্পনাও প্রত্যাখ্যান করেন। বলেন, প্রজেক্ট ফ্রিডম হলো প্রজেক্ট ডেডলক।
এদিকে, হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের ছয়টি ছোট জাহাজে হামলা করেছে। যেখানে ইরান দাবি করেছে, অন্তত ৫ জন বেসামরিক নাগরিক মারা গেছেন।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, সেখানে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আগুন ধরে গেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এমআর/এসএন