মার্কিন পাহারায় হরমুজ পার হলো ডেনমার্কের জাহাজ
ছবি: সংগৃহীত
১০:১৯ পিএম | ০৫ মে, ২০২৬
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় দীর্ঘ ৬৭ দিন আটকে থাকার পর অবশেষে মার্কিন নৌবাহিনীর কড়া পাহারায় হরমুজ প্রণালি পেরিয়েছে ডেনমার্কের জাহাজ কোম্পানি মেয়ারস্কের বাণিজ্যিক জাহাজ 'অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স'।
গতকাল সোমবার জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগর ত্যাগ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সেদিনই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। ঘটনাচক্রে ঠিক সেদিনই প্রণালির কাছাকাছি পৌঁছেছিল অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স। ফলে পথ পাড়ি দিতে না পেরে পারস্য উপসাগরেই অবস্থান নিতে বাধ্য হয় জাহাজটি। দীর্ঘ ৬৬ দিন সেখানে আটকে থাকার পর অবশেষে গতকাল মার্কিন নৌবাহিনীর সহায়তায় এটি প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়।
মঙ্গলবার মেয়ারস্ক কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাহারায় কোনো প্রকার অনাকাঙিক্ষত ঘটনা ছাড়াই অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স হরমুজ পাড়ি দিয়েছে এবং জাহাজের ক্রু সদস্যরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন।
বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয়, মার্কিন নৌবাহিনীর সঙ্গে সমন্বয় ও পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের পরই অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্সের কর্মকর্তারা এই যাত্রার অনুমোদন দিয়েছিলেন।
সূত্র: আনাদোলু
টিকে/