মমতা যদি পদত্যাগ না করেন তাহলে কী হবে?
ছবি: সংগৃহীত
১০:৫৭ পিএম | ০৫ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরদিন পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দলের সদস্য ডেরেক ও'ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা পরাজিত হইনি। আমি পদত্যাগ করব না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।’
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নির্বাচনের ‘খলনায়ক’ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তৃণমূল একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করবে। দলের মধ্যে ‘আলোচনার’ পরে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
তবে, প্রথা অনুযায়ী, বিধানসভা নির্বাচনের পর, রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী মুখ্যমন্ত্রী। কিন্তু মমতা বন্দোপাধ্যায় পদত্যাগ না করার যে ঘোষণা দিয়েছেন, সেটিতে যদি তিনি অটল থাকেন, তাহলে কী হবে?
ভারতের সংবিধানের ১৬৪ অনুচ্ছেদে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বারা নিযুক্ত হবেন। অন্যান্য মন্ত্রীরাও মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল দ্বারা নিযুক্ত হবেন। এই মন্ত্রীরা রাজ্যপালের সন্তুষ্টি অনুযায়ী পদে অধিষ্ঠিত থাকবেন। তাই মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারেন রাজ্যপাল। তবে, এ ক্ষেত্রে আবার রাজ্যপালের ক্ষমতা শর্তযুক্ত করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, প্রাথমিকভাবে মন্ত্রিসভার সহায়তা ও পরামর্শ অনুযায়ী রাজ্যপালের ক্ষমতা চলমান থাকে।
বিধানসভার মেয়াদ থাকাকালীন রাজ্যপাল কোনো মুখ্যমন্ত্রীকে পদত্যাগের আহবান জানিয়ে অন্য কাউকে ওই পদে আসীন করতে চাইলে, রাজ্যের বিধানসভায় আস্থা ভোট দিতে হয়। যেখানে বিধানসভার অর্ধেকের বেশি বিধায়কের সমর্থন যার দিকে থাকে; তিনি মুখ্যমন্ত্রী থাকা বা হওয়ার যোগ্য বিবেচিত হন। কোনো জোট সরকার গঠনেও ব্যর্থ হলে শেষ অবলম্বন হিসাবে, ভারতের সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে।
মমতার দলের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। তারা শুরু করেছিলেন, ২০২১ সালের ৪মে। ভারতের সংবিধানের ১৭২ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি রাজ্যের বিধানসভা প্রথম সভার জন্য নির্ধারিত তারিখ থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদ থাকবে। এই মেয়াদ শেষ হলে বিধানসভা বিলুপ্ত হবে। অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী দুদিন পর বিদ্যমান বিধানসভার মেয়াদ বিলুপ্ত হয়ে যাবে।
এখন নতুন বিধানসভার প্রক্রিয়া শুরু হবে। যার অর্থ নতুন বিধায়কদের শপথ নিতে হবে এবং একটি নতুন সরকার গঠিত হবে। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে বিজেপি। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রস জিতেছে ৮০টি আসন।
কেএন/টিকে