কাতারের আকাশে হঠাৎ অদৃশ্য মার্কিন বোয়িং কেসি-১৩৫
ছবি: সংগৃহীত
০১:২৮ এএম | ০৬ মে, ২০২৬
কাতারের আকাশসীমার কাছে একটি মার্কিন রিফুয়েলিং বিমান, বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার-এর হঠাৎ রাডার থেকে অদৃশ্য হওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।
মঙ্গলবার (৫ মে) দ্য ইকোনমিক্স টাইমস'র খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরের ওপর উড্ডয়নের সময় বিমানটি ৭৭০০ ডিস্ট্রেস সিগন্যাল পাঠায়। আন্তর্জাতিকভাবে এই সংকেত জরুরি পরিস্থিতি নির্দেশ করে। তবে এখন পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হয়েছে বা কোনো হামলার শিকার হয়েছে এমন তথ্য নিশ্চিত করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কিংবা পেন্টাগন।
জানা গেছে, বিমানটি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ার বেস থেকে উড্ডয়ন করেছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, বিমানটি কিছু সময় আকাশে চক্কর দেওয়ার পর নিচে নামতে শুরু করে।এরপরই এর সংকেত হারিয়ে যায়।
পরে কাতারের আল উদেইদ এয়ার বেস থেকে দুটি এইচ-১২৫ হেলিকপ্টার উড্ডয়ন করে, যা পরিস্থিতি নিয়ে আরও রহস্য তৈরি করেছে।
সামরিক বিশ্লেষকদের মতে, কেসি-১৩৫ যুক্তরাষ্ট্রের আকাশ অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যুদ্ধবিমান ও নজরদারি বিমানকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ৭৭০০ সংকেত মানেই দুর্ঘটনা নয়। যান্ত্রিক ত্রুটি, চিকিৎসাজনিত জরুরি অবস্থা, এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান জিপিএস জ্যামিং বা ইলেকট্রনিক হস্তক্ষেপের কারণেও এমন সংকেত দেখা যেতে পারে।
এখন পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ, উদ্ধার অভিযান বা হামলার দাবি পাওয়া যায়নি। ফলে বিমানটি নিখোঁজ নাকি নিরাপদে অবতরণ করেছে তা এখনও স্পষ্ট নয়।
এমআই/টিএ