© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পররাতারাতি মসজিদ বাড়ি হলো নেতাজি পল্লি, সিরাজ উদ্যান হলো শিবাজি উদ্যান

শেয়ার করুন:
রাতারাতি মসজিদ বাড়ি হলো নেতাজি পল্লি, সিরাজ উদ্যান হলো শিবাজি উদ্যান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৬ এএম | ০৬ মে, ২০২৬
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই উত্তর ২৪ পরগনার বারাসাতে বিতর্কিত এক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বারাসাতের নোয়াপাড়া এলাকায় রাতারাতি 'মসজিদবাড়ি রোড'-এর নাম বদলে 'নেতাজিপল্লি রোড' করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় 'সিরাজ উদ্যান'-এর সাইনবোর্ড সরিয়ে সেখানে 'শিবাজি উদ্যান' লিখে দেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ এই আকস্মিক পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

নাম পরিবর্তন প্রসঙ্গে অনির্বাণ বিশ্বাস নামে এক বিজেপি সমর্থক দাবি করেন, বারাসাতের ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলার কোনো সম্পর্ক নেই। তাই এই উদ্যানের নাম সিরাজ উদ্যান রাখা সাধারণ মানুষ মেনে নেয়নি। একইভাবে মাত্র দুটি মুসলিম বুথ থাকার কারণে রাস্তার নাম মসজিদবাড়ি রোড রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ছিল। সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে এসব নাম পরিবর্তন করেছে, এর সঙ্গে বিজেপির সরাসরি কোনো যোগ নেই।

অন্য এক সমর্থক বলেন, গত ১৫ বছর মানুষ যা করতে পারেনি, এখন ক্ষমতা পরিবর্তনের পর তারা নিজেদের মতো করে নাম বদল বা সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনতে চাইছে।

উল্লেখ্য, গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। নির্বাচনে ২০৭টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাজ্যজুড়ে বড় পরাজয়ের মুখে পড়েছে।

তবে ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। জামুড়িয়া, বারাবনি ও শিলিগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এছাড়া টালিগঞ্জ, বারুইপুর, কামারহাটি ও হাওড়াসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

কোচবিহারের দিনহাটায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়েছে। সহিংসতায় বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিজেপি নেতা রাহুল সিনহা সহিংসতার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এগুলো তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে।

বারাসাতের নাম পরিবর্তনের ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পুলিশ টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: জি ২৪ঘণ্টা



ইউটি/টিএ 

মন্তব্য করুন