হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৬:৫৭ এএম | ০৬ মে, ২০২৬
কৌশলগত হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের ফলে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল স্বাভাবিক করতে নেওয়া উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় বুধবার (৬ মে) ভোর পাঁচটায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে অভিযানে অর্জিত ‘বড় সামরিক সাফল্য’ এবং চলমান কূটনৈতিক অগ্রগতিও এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, পাকিস্তানসহ অন্যান্য দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে সামরিক সাফল্য এবং ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতির প্রেক্ষাপটে সাময়িকভাবে এই উদ্যোগ স্থগিত রাখা হচ্ছে।
তিনি আরও জানান, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও সম্ভাব্য চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব কি না, তা যাচাই করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
পেন্টাগন জানিয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ একটি প্রতিরক্ষামূলক সামরিক উদ্যোগ, যার লক্ষ্য পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল নিরাপদ করা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা করে তেহরান। এর পাল্টা প্রতিক্রিয়ায় ওমান সাগরে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
এ পরিস্থিতিতে ইরানের অবরোধ মোকাবিলায় ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে তা সাময়িকভাবে স্থগিত রাখা হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইউটি/টিএ