বিচ্ছেদের পরই নতুন অধ্যায় শুরু, কী চমক দিলেন বীর পাহাড়িয়া?
ছবি: সংগৃহীত
০৬:২১ পিএম | ১৮ মে, ২০২৬
ব্যক্তিগত জীবনের টানাপোড়েন যেন পিছনে ফেলে নতুন পথে হাঁটতে শুরু করেছেন বীর পাহাড়িয়া। অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই এবার নিজের কাজ নিয়ে বড় ঘোষণা দিলেন তিনি। নতুন কোনও সম্পর্ক নয়, বরং নতুন ছবির মাধ্যমেই দর্শকদের চমক দিতে প্রস্তুত এই অভিনেতা।
সম্প্রতি বলিউডে জোর গুঞ্জন, তারা সুতারিয়া নাকি নতুন করে প্রেম খুঁজে পেয়েছেন অভিনেতা আদিত্য রায় কাপুরের মধ্যে। একসময় অনন্যা পাণ্ডের সঙ্গে আদিত্যর সম্পর্ক নিয়ে আলোচনা চললেও এখন সেই জায়গায় উঠে এসেছে তারার নাম। অন্যদিকে, তারা ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদের খবরও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
এই আবহেই সামনে এল বীরের নতুন কাজের খবর। আসন্ন অ্যাকশন-রোমাঞ্চধর্মী ছবি ‘বেনাম’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয়, ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান নির্মাতা মহেশ ভাটও। তিনি এই ছবির পরিবেশকের দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, ‘বেনাম’ মূলত অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর একটি বাণিজ্যিক ছবি। সেখানে একেবারে নতুন রূপে ধরা দেবেন বীর পাহাড়িয়া। প্রথমবারের মতো তাঁকে দেখা যাবে রগচটা ও দুর্ধর্ষ প্রতিনায়কের চরিত্রে। ছবিতে থাকছে বড় মাপের অ্যাকশন দৃশ্যের পাশাপাশি একাধিক গানও।

একসময় তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়াকে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি মনে করতেন অনুরাগীরা। তবে গত বছরের শেষ দিকে একটি সংগীতানুষ্ঠানকে কেন্দ্র করে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। মুম্বইয়ে এক অনুষ্ঠানে গায়ক এপি ধিলোনের সঙ্গে তারার একটি মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় আলোচনা। সেই সময় দর্শকদের ভিড়ে থাকা বীরের অভিব্যক্তিও নজর কাড়ে অনেকের।
যদিও শুরুতে এই বিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছিলেন তাঁরা। পরে ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায়, সম্পর্কের সমীকরণ বদলে গেছে।
সব বিতর্ক ও ব্যক্তিগত আলোচনার মাঝেই এবার নিজের কেরিয়ারেই মন দিলেন বীর পাহাড়িয়া। নতুন ছবির মাধ্যমে বলিউডে নিজেকে অন্যভাবে তুলে ধরার প্রস্তুতি শুরু করেছেন তিনি।
পিআর/টিকে