© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেবাদৃতার বোন বলেই সুযোগ, মুখ খুললেন অভিনেত্রী দেবপ্রিয়া

শেয়ার করুন:
দেবাদৃতার বোন বলেই সুযোগ, মুখ খুললেন অভিনেত্রী দেবপ্রিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ১৮ মে, ২০২৬
ছোটপর্দায় নতুন মুখ হিসেবে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন দেবপ্রিয়া বসু। এবার তিনি সরাসরি নায়িকার ভূমিকায়। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন ধারাবাহিক ‘দুলারি’-তে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে নতুন কাজের উচ্ছ্বাসের মাঝেই উঠে এসেছে আরেক প্রশ্ন জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসুর বোন বলেই কি এত বড় সুযোগ পেলেন দেবপ্রিয়া?

এই প্রশ্নেই যেন খানিক আঘাত পেলেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, দিদির পরিচয়ে নয়, অডিশন দিয়েই তিনি এই চরিত্র পেয়েছেন।



সব ঠিক থাকলে মঙ্গলবার থেকেই শুরু হবে ‘দুলারি’র শুটিং। গল্পের কেন্দ্রে রয়েছে পুরুলিয়ার এক সাধারণ মেয়ে, যার চোখে বড় স্বপ্ন। নিজের পরিচয় তৈরি করতে সে কলকাতায় আসে। সেই সংগ্রাম ও স্বপ্নপূরণের পথ নিয়েই এগোবে ধারাবাহিকের কাহিনি।

এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন দেবপ্রিয়া। এবার প্রথমবার নায়িকার ভূমিকায় সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। তবে আনন্দের পাশাপাশি দায়িত্বও বেড়েছে বলে মনে করছেন অভিনেত্রী।

দেবপ্রিয়ার কথায়, স্বর্ণেন্দুর মতো পরিচালকের সঙ্গে কাজ করা তাঁর কাছে বড় সুযোগ। একই সঙ্গে নিজেকে প্রমাণ করার চাপও অনুভব করছেন তিনি। গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করাটা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন অভিনেত্রী। কারণ বাস্তবে তিনি শহুরে পরিবেশেই বড় হয়েছেন।

এই চরিত্র ফুটিয়ে তুলতে চিত্রনাট্যই তাঁর সবচেয়ে বড় ভরসা। বারবার স্ক্রিপ্ট পড়ছেন, পরিচালকের পরামর্শ শুনছেন এবং পরিবারের সঙ্গেও আলোচনা করছেন বলে জানিয়েছেন দেবপ্রিয়া। বিশেষ করে দিদি দেবাদৃতা ও বাবার মতামত তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারও জানিয়েছেন, তিনি সবসময় নতুন মুখ তুলে আনার চেষ্টা করেন। ‘দুলারি’র ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখেছেন। দেবপ্রিয়ার অভিনয় নিয়ে এখনই মন্তব্য করতে চাননি তিনি। বরং দর্শকদের বিচারেই বিষয়টি ছেড়ে দিয়েছেন।

তবে ইন্ডাস্ট্রিতে পরিচিত পরিবারের সদস্য হওয়ায় তুলনা ও স্বজনপোষণের অভিযোগ উঠতেই পারে, সেটা জানেন দেবপ্রিয়া। যদিও এই ধরনের মন্তব্য তাঁকে কষ্ট দেবে বলেই জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, দিদির জোরে নায়িকা হয়েছেন এমন কথা শুনলে খুব আঘাত পাবেন। কারণ এই সুযোগ তিনি নিজের যোগ্যতায় অর্জন করেছেন। তবে দিদি-বোনের অভিনয় নিয়ে তুলনা হবেই, সেটাও মেনে নিয়েছেন তিনি। কিন্তু বাড়ির ভেতরে তাঁদের সম্পর্ক শুধুই দিদি-বোনের, সেখানে কোনও প্রতিযোগিতা নেই।

পিআর/টিকে


মন্তব্য করুন